সংবাদদাতা, দিনহাটা: শনিবার সকালে দিনহাটা কলেজের গণনা কেন্দ্রে সঙ্গীতা রায় যখন পৌঁছলেন, ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষারতদের ভিকট্রি সাইন দেখিয়ে ভিতরে ঢুকলেন তিনি। একের পর এক রাউন্ড শেষে জয়ের ব্যবধান বাড়ছিল। আর বাইরে তখন উচ্ছ্বাস তৃণমূল কর্মী-সমর্থকদের। লাখের ব্যবধান পেরতেই মহিলা কর্মীরা দিনহাটা কলেজের সামনে এসে জড়ো হলেন। তার কিছুক্ষণ পরেই গণনা শেষ হল।
Advertisement
সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া, মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ দলের শীর্ষ নেতারা অভিনন্দন জানাতে হাজির হলেন কলেজ চত্বরে। এরপরেই কাঙ্খিত জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে বেরিয়ে এলেন সঙ্গীতা। সবুজ আবির মাখিয়ে জয়ধ্বনি দিতে শুরু করলেন কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি তুলে স্লোগান ধরলেন বিজয়ী প্রার্থী। সবুজ আবিরে সবাই ভেসে গেলেন দিনহাটা কলেজের সামনের রাস্তার। অভিনন্দন জানাতে অনেকেই মালা পরালেন জয়ী প্রার্থীকে। সাংসদের গলাতেও মালা দিলেন কেউ কেউ। নিজের গলার সেই মালা খুলে সঙ্গীতাদেবীর গলায় পরিয়ে দিলেন সাংসদ। এরপর তাঁরা সিতাইয়ের দিকে রওনা হন। সঙ্গীতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। সিতাইয়ের মানুষ আশীর্বাদ করেছেন বলেই এই জয় এসেছে। রেকর্ড ভোটে জিতে দলনেত্রীর ভরসা রাখতে পেরেছি। দলের সমস্ত কর্মীর কাছে এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান করছি।



