Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গুণমান পরীক্ষার জন্য খাবারের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে

গুণমান পরীক্ষার জন্য খাবারের নমুনা পাঠানো হচ্ছে ল্যাবে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: মিড ডে মিলের খাবারের গুণমান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। প্রায়শই জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি বা প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। সেকারণে খাদ্যসুরক্ষা দপ্তরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলে সারপ্রাইজ ভিজিট শুরু করেছে জেলা প্রশাসন ও খাদ্যসুরক্ষা দপ্তর। জেলার বিভিন্ন জায়গায় লাগাতার মিড ডে মিলে বিষক্রিয়া, খাবারে টিকটিকি পড়ে যাওয়া সহ একাধিক অভিযোগ ওঠে। মিড ডে মিলের চাল নিয়েও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। খাবার খেয়ে পড়ুয়ারা অসুস্থও হয়েছে। সেকারণে জেলা খাদ্যসুরক্ষা দপ্তর ও প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই সারপ্রাইজ ভিজিট শুরু হয়েছে। মিড ডে মিলের রান্নার সময় বা ছাত্রছাত্রীদের খাওয়ার দেওয়ার সময় খাবারের নমুনা সংগ্রহ করা হবে। বিশেষ পদ্ধতির মাধ্যমে খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হবে। নমুনা পরীক্ষার পর রিপোর্ট তৈরি করা হবে। আগামী দিনেও জেলার বিভিন্ন স্কুলে আচমকা হানা দেবেন খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা। জেলার বিভিন্ন প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযান চলবে। ছাত্রছাত্রীদের খাবারের পাতে পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে হামেশাই প্রশ্ন ওঠে। অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না এবং মিড ডে মিলে কীটপতঙ্গ উদ্ধার হওয়া নিয়ে প্রায়শই অভিযোগ ওঠে। প্রশাসনিক কর্তাদের মতে, এই অভিযান লাগাতার চলতে থাকলে স্কুল কর্তৃপক্ষ মিড ডে মিলের খাবার দেওয়ার বিষয়ে অনেকটা সচেতন হবে। জেলা খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ বটব্যাল বলেন, জেলার বিভিন্ন স্কুলে অভিযান শুরু হবে। যেকোনও মুহূর্তে স্কুলের মিড ডে মিলের হেঁশেলে হানা দেওয়া হবে। খাবারের নমুনা সংগ্রহ করা হবে। তারপর সেই খাবার বিশেষ ফ্রিজিং সিস্টেমে ল্যাবোরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। আমরা তার প্রস্তুতি শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ