সংবাদদাতা, গঙ্গারামপুর: নজরদারির অভাবে খেলাধুলো বন্ধ হয়েছে অনেক আগেই। এখন গবাদি পশু চরছে গঙ্গারামপুর শহরের স্টেডিয়াম মাঠে। জেলা ক্রীড়া সংস্থা বালুরঘাট স্টেডিয়ামে বিভিন্ন লিগ আয়োজন করলেও গঙ্গারামপুর স্টেডিয়াম পড়ে রয়েছে অবহেলায়। স্টেডিয়ামের একাধিক বাউন্ডারি ভেঙে যাওয়ায় ভিতরে অবাধ বিচরণ সাধারণ মানুষের।
Advertisement
বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা হতেই সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে স্টেডিয়াম মাঠ। লাইট বন্ধ থাকায় গঙ্গারামপুর পুরসভার দায়িত্বে থাকা এই মাঠে নিয়মিত বসছে নেশার আসর। শহরের বাসিন্দা সর্বজিৎ গুহ এপ্রসঙ্গে বলেছেন, পুরকর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত মাঠ সংস্কার করে শহরের যুবসমাজকে খেলাধুলোর দিকে টেনে আনুক। প্রয়োজনে প্রতিযোগিতামূলক খেলার পরিবেশ তৈরি করতে হবে। একইসঙ্গে নেশার আসর বন্ধ করতে রাতে পুলিসের নজরদারি বাড়াতে হবে। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকমণ্ডলীর সদস্য বিভূতিভূষণ চক্রবর্তী বলেন, গঙ্গারামপুরের মতো এত বড় স্টেডিয়াম উত্তরের আর কোনও জেলায় নেই। দুঃখের বিষয় দীর্ঘদিন ধরে অবহেলার জন্য এই মাঠ নষ্ট হতে বসেছে। পুরসভার চেয়ারম্যান, ক্রীড়া সংস্থা ও শহরবাসীকে নিয়ে একটি কমিটি গড়ে স্টেডিয়ামে খেলাধুলোর পরিবেশ ফেরানো সম্ভব। আমরা সেই প্রস্তাব নিয়ে যাব চেয়ারম্যানের কাছে। গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের মন্তব্য, স্টেডিয়ামে পরিকাঠামোর সমস্যা রয়েছে। মানোন্নয়নের বিষয়ে পুরদপ্তরে জানানো হয়েছে। কমিটি গড়ে কিছু কাজ করার পর খেলাধুলোর পরিবেশ ফেরানো হবে। আমরাও চাই গঙ্গারামপুর স্টেডিয়ামে লিগের খেলা হোক।



