Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গারামপুরে রাত বাড়লে জুয়ার আসর, চটুল নাচ

গঙ্গারামপুরে রাত বাড়লে জুয়ার আসর, চটুল নাচ
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর ব্লকজুড়ে সন্ধ্যা হতেই শুরু হচ্ছে চটুল নাচ, মদ, জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, এলাকার সমাজ বিরোধীরা ভিনরাজ্য থেকে মেয়েদের নিয়ে এসে এই আসর বসাচ্ছে। গ্রামাঞ্চলে মাঠ থেকে ধান ঘরে তোলা শুরু হয়েছে। কৃষিজীবী পরিবারে ধান বিক্রি করে আসছে টাকা। অভিযোগ, যুব সমাজ নাচের আসরে ও জুয়ার ঠেকে সেই টাকা উড়িয়ে দিচ্ছে। 
Advertisement
গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর, হামজাপুর, শুকদেবপুর, বাসুরিয়া ও উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায় পালা করে প্রতিদিন বসছে এই আসর। ফাঁকা মাঠে তাঁবু টাঙিয়ে ৫ কিমি অন্তর অন্তর বসছে এই আসর। বহিরাগত মহিলারা ছোট গাড়িতে নাচের সমস্ত সরঞ্জাম নিয়ে এলাকায় থাকছে। অথচ কোনও খবরই পাচ্ছে না গঙ্গারামপুর থানার পুলিস। রাত বাড়লে বাড়ছে অশ্লীলতা। যুব সমাজ থেকে শুরু করে মাঝবয়সিরা এতে আসক্ত হয়ে পড়ছে। 
জাহাঙ্গীরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মজিদুর রহমান বলেন, গঙ্গারামপুর ব্লকজুড়েই বর্তমানে এই সংস্কৃতি চলছে। এলাকায় এমন আসর বসলে ভিড় করছে যুবকরা। এই চটুল নাচের আড়ালে মদ ও জুয়ার আসরের ব্যবস্থা করা হচ্ছে। জাহাঙ্গীরপুর জুড়েই নেশায় আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। কিশোররাও সেই নাচ দেখতে যাচ্ছে। রাজনৈতিক নেতারা বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছেন। সামাজিক অবক্ষয় আটকাতে দ্রুত সবাইকে এগিয়ে আসতে হবে। স্থানীয়দের দাবি কয়েকজন প্রভাবশালী যুবক উপরমহলে ম্যানেজ করেই এলাকায় আসর বসাচ্ছে। এদিকে এলাকায় জুয়ার আসর বসায় চুরি বাড়ছে। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার বলেন, কালীপুজোর মরশুমে আমরা জুয়ার আসর বন্ধ করে দিয়েছিলাম। যেখানে খবর পাচ্ছি সঙ্গে সঙ্গে অভিযান হচ্ছে। ব্লকের কোথাও যদি চটুল নাচের আসর বসে তবে ব্যবস্থা নেওয়া হবে। কারা বহিরাগতদের নিয়ে এসে আসর বসাচ্ছে তদন্ত করে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ