সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর এলাকায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল যুবকের। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম রাজু সরকার (১৮)। বাড়ি ওই এলাকাতেই। এদিন দুপুরে মাঠের কাজ শেষ করে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন ওই যুবক। মাটির বাড়িতে এক পাশের দেওয়াল দীর্ঘদিন থেকেই দুর্বল ছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আচমকা যুবকের গায়ের উপর মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়রাতাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে জানায়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।



