সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বংশীহারি ব্লকে সাড়ম্বরে পূজিত হল জগদ্ধাত্রী দেবী। গঙ্গারামপুর শহরের ইয়ুথ ক্লাবের মাঠে জগদ্ধাত্রী পুজো করে আসছে শহরের পুরোহিত সমাজ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর পাঁচদিন নিষ্ঠা সহকারে পুজো হয়। বংশীহারি ব্লকের জোড়দিঘি প্রগতি সঙ্ঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো এবারে ১০ বছরে পা রাখল। নবমী তিথিতে পুজো শুরু হয়। দু’দিন দেবীর পুজো হয়। পুজোকে ঘিরে বসে মেলা। গঙ্গারামপুর আদি পুরোহিত সমাজের সভাপতি শতদল গোস্বামী বলেন, দক্ষিণবঙ্গের মতো আমাদের পুজোয় আড়ম্বর না থাকলেও নিয়ম নিষ্ঠার ত্রুটি হয় না।



