Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গা-চূর্ণির মাটি কেটে বিক্রির কারবার, রানাঘাটে বিশেষ অভিযানে ধৃত ১২

গঙ্গা-চূর্ণির মাটি কেটে বিক্রির কারবার, রানাঘাটে বিশেষ অভিযানে ধৃত ১২
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাতের অন্ধকারে গঙ্গার বিভিন্ন চর থেকে মাটি কেটে পাচার হচ্ছে। খবর পেয়ে রানাঘাট থানা বিশেষ অভিযান চালায়. এত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চূর্ণি এবং গঙ্গার মিলনস্থল এলাকার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বেআইনি মাটি কেটে নেওয়ার কাজে যুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানকারী দলটি। এছাড়াও আটক করা হয়েছে তিনটি মোটর চালিত নৌকা। তাতে বোঝাই করা হয়েছিল চর থেকে কেটে নেওয়া মাটি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন ধরে সক্রিয় রয়েছে এই অসাধু চক্রটি। মূলত রাতের অন্ধকারে মোটর চালিত নৌকা নিয়ে চূর্ণী নদীর পাড়ের বিভিন্ন অংশ এবং গঙ্গায় স্বাভাবিক ভূমিরূপ পরিবর্তনের কারণে সৃষ্ট চর থেকে পলি ও মাটি কেটে নেওয়ার কাজ করত এই চক্রটি। তারপর ভোরে মাটি বোঝাই নৌকাগুলি চূর্ণীর পথ ধরে চলে যেত বিভিন্ন জায়গায়। তদন্তকারীরা জানাচ্ছেন, আশপাশের বহু ইটভাটার সঙ্গে লেনদেন রয়েছে এই মাটির কারবারিদের। বেআইনিভাবে তারা গঙ্গার চরার মাটি কেটে নিয়ে বিক্রি করে ইটভাটাগুলিতে। সস্তায় সেই সমস্ত মাটি কিনে বানিয়ে ফেলা হয় ইট। অবৈধভাবে মাটি কাটার ফলে বিভিন্ন জায়গায় গঙ্গার পাড় ভাঙ্গন সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে। জানা গিয়েছে, ধৃতদের নাম প্রসূন রায়, শুকদেব বিশ্বাস, বিজয় মণ্ডল, বিশ্ব হালদার, অশোক পাত্র, নয়ন সরদার, আব্দুল্লাহ দফাদার, সুশান্ত ঘোষ, সঞ্জিত হাজরা, দিলীপ ঘোষ, মদন ঘোষ এবং মোহন ঘোষ। তবে ধৃত প্রত্যেকেই শ্রমিক। টাকার বিনিময়ে কাজ করত তারা। চক্রের পিছনে থাকা বড় মাথাদের খোঁজে তদন্তকারীরা। বিষয়টি নিয়ে রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত সুপার লাল্টু হালদার বলেন, আমরা সফল অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে পেরেছি। এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। বেআইনি বালি এবং মাটি তোলার কাজে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করা হবে। প্রসঙ্গত, গঙ্গা তীরবর্তী একাধিক এলাকা থেকেই বেআইনিভাবে রাতের অন্ধকারে কেটে নেওয়া হয় মাটি। 
সম্পর্কিত সংবাদ