Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গঙ্গা দূষণ রোধ করতে কাটোয়ায় নতুন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়বে পুরসভা

গঙ্গা দূষণ রোধ করতে কাটোয়ায় নতুন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়বে পুরসভা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের নিকাশি নালার জল শোধন করে ভাগীরথীতে ফেলা হবে। ‘মিশন ক্লিন গঙ্গা’ প্রকল্পে কাটোয়া শহরে আরও একটি সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে তুলতে চলেছে পুরসভা। গঙ্গা দূষণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প নির্মাণের কাজ করবে কেএমডিএ। ইতিমধ্যে তাদের ইঞ্জিনিয়াররা এসে জায়গা পরিদর্শন করে গিয়েছেন। এর জন্য ১৩২কোটি টাকার ডিপিআর পাঠিয়েছে পুরসভা। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, শহরের নিকাশির জল শোধন করে গঙ্গায় ফেলা হবে। তারজন্যই এই সুয়েজ ট্রিটমেন্ট প্রকল্প গড়ে তোলা হবে।  
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাটোয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডেই নতুন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়া হবে। তারজন্য কয়েকটি জলাধার তৈরি করা হবে। যাতে বিভিন্ন ওয়ার্ডের নিকাশির জল এখানে এসে জমা হয়। পরে তা শোধন করে গঙ্গায় ফেলা যায়। ওই ওয়ার্ডে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে থেকেই আছে। ২০০৯-’১০ আর্থিক বছরে ওই সুয়েজ  ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়। যদিও সেটিতে শহরের সমস্ত ওয়ার্ডের জল যায় না। তাই তার পাশেই নতুন সুয়েজ ট্রিটমেন্ট গড়া হবে। এতে শহরের সমস্ত ওয়ার্ডের নিকাশির জল শোধন করে ভাগীরথীতে ফেলা হবে।
পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিংশুক বন্দ্যোপাধ্যায় বলেন, এখন দু’টি মেশিন দিয়ে কাজ কোনওমতে চলছে। চারটি মেশিন খারাপ হয়ে গিয়েছে। সেগুলি পিএইচইকে বলেছি যাতে দ্রুত মেরামত করা হয়। তাছাড়া লকগেটগুলিও সংস্কার করতে বলেছি। 
কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীরকুমার সাহা বলেন, নতুন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হলে শহরে বর্ষায় আর কোথাও জল জমবে না। ভাগীরথীতে দূষণও কমে যাবে বলে আশা করছি।
সম্পর্কিত সংবাদ