Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গন্ধেশ্বরীর চর দখল করে নির্মাণ, সরব বাঁকুড়ার কাউন্সিলার দিলীপ

গন্ধেশ্বরীর চর দখল করে নির্মাণ, সরব বাঁকুড়ার কাউন্সিলার দিলীপ
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গন্ধেশ্বরী নদীগর্ভে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে সতীঘাট-লক্ষ্যাতোড়া বাইপাস রাস্তার ধারে নদীগর্ভে দেওয়াল তোলার জন্য মাটি কাটার কাজ চলছিল। প্রাচীর নির্মাণের জন্য নদীর তীরে ইট নামানো হয়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলার তথা পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিস এলাকায় গিয়ে কাজ বন্ধ করে। এভাবে শহরের বুকে নদী ‘দখল’ হয়ে যাওয়ায় পুলিস, প্রশাসন, সেচদপ্তর ও পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
Advertisement
দিলীপবাবু বলেন, বুধবার নদীগর্ভে বেআইনি নির্মাণ কাজ শুরুর খবর পাই। এদিন ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি লক্ষ্য করে পুরসভাকে খবর দিই। পুরকর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার পাঠিয়েছিল। অভিযুক্ত ব্যক্তি নির্মাণ সামগ্রী ব্যবসার জন্য নদীর এলাকা দখলের চেষ্টা করেছিল। এদিনও তিনি এক ট্রাক্টর ইট নদীর পাড়ে নামিয়েছিলেন। তাঁকে আটক করে থানায় খবর দিই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিস ও পুরসভাকে অনুরোধ করেছি। তিনি আরও বলেন, সংস্কার ও নজরদারির অভাবে এমনিতেই গন্ধেশ্বরীর অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে। দিনদিন জবরদখলের কারণে নদীর অস্তিত্ব সঙ্কটে পড়ছে। বছর সাতেক আগে সদর মহকুমা প্রশাসনের তরফে নদীর জায়গা জবরদখলমুক্ত করার জন্য অভিযান চালানো হয়েছিল। কিন্তু পরে ফের নদীর পাড় দখল হয়ে গিয়েছে। তারফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচ করে নদী খনন করে। তারপরেও প্রশাসন ও পুরসভা উদাসীন রয়েছে। 
বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, আমাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ঠিক নয়। গন্ধেশ্বরীর পাড় দখলমুক্ত করার জন্য আমরা আদালতে মামলাও লড়েছি। এদিনও অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। নদীর জায়গা দখলমুক্ত করতে প্রশাসন ব্যবস্থা নিলে আমরা সহযোগিতা করব। 
অভিযুক্ত ব্যক্তি বলেন, অন্যান্যরাও নদীর জায়গা দখল করে ব্যবসা করছে। আমি বেকার। আমিও নদীর পাড় দখল করে নির্মাণ সামগ্রী বিক্রি করব। এক পুলিস আধিকারিক বলেন, আপাতত কাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা হয়েছে। প্রয়োজনে প্রশাসনকে বিষয়টি জানানো হবে।
সম্পর্কিত সংবাদ