নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিহারীনাথে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করল আসানসোল মহিলা থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার দুই মামাতো বোন ঘটনাস্থলে ছিল। পুলিস তাঁদের সেখানে নিয়ে গিয়ে তদন্ত করে। বাঁকুড়ার ওই পাহাড়ের কোন অংশে তাঁরা গিয়েছিলেন, রিসর্টের কোন কোন রুমে তাঁরা সময় কাটিয়েছিলেন সব তথ্য যাচাই করা হচ্ছে। রিসর্টের যে রুমে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ সেখান থেকে নমুন সংগ্রহ করা হয়। পাশাপাশি ওই রিসর্টের একাধিক রুম সিল করেছে পুলিস। ধর্ষণকাণ্ডে ব্যবহৃত চারচাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে কিছুটা অগ্রগতি হলেও চার অভিযুক্তের এখনও পর্যন্ত নাগাল পায়নি পুলিস। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিস। পাশাপাশি অভিযুক্তের আত্মীয়দের দফায় দফায় জেরা করছে পুলিস।
Advertisement
ডিসি ধ্রুব দাস বলেন, আমরা ঘটনা ব্যবহৃত চারচাকা গাড়িটি বাজেয়াপ্ত করেছি। যে রুমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নিয়ম মেনে রুমগুলি সিল করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল শিল্পাঞ্চলের অদূরে রয়েছে বাঁকুড়া জেলার শালতোড়া থানার অন্তর্গত বিহারীনাথ পাহাড়। মন্দির থাকার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই ধর্মীয় পর্যটনস্থানেই ঘুরতে এসে আসানসোলের এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। হীরাপুর থানার ইসমাইলের প্রেমনগরের চার যুবককে হন্যে হয়ে খুঁজছে পুলিস। যদিও এখনও তারা অধরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা অত্যন্ত চতুর। তারা নিজেদের মোবাইল ফোনও বন্ধ করে রেখেছে। অভিযুক্তদের সন্ধান পেতে তাদের পরিবারের আত্মীয়দেরই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্তও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সেই সুযোগে শুক্রবার সকালে আসানসোল জেলা হাসপাতালে এসেছিল চার দুষ্কৃতী। ওই হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা। তারপর বেগতিক বুঝে গাঢাকা দেয় দুষ্কৃতীরা। ঠিক কী কারণে অভিযুক্তরা হাসপাতাল এসেছিল সেই প্রশ্নও উঠছে। নির্যাতিতার মোবাইল থেকেও বহু তথ্য সংগ্রহ করেছে পুলিস। নানা সূত্র ধরেই ঘটনার তদন্ত করতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে পুলিসের একাধিক টিম। প্রেমনগরে দফায় দফায় হানা দিচ্ছে পুলিস। এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। বিহারীনাথের মতো ধর্মীয় স্থানে এভাবে অবাধে মাদক সেবন ও তারপর ধর্ষণের মতো ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকেই সরগরম শিল্পাঞ্চল। দুর্গাপুরে এনিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। আসানসোলে রাস্তার অবরোধ-বিক্ষোভ করে পুলিসকে অভিযুক্তদের ধরার জন্য চারদিনের সময়সীমা দিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁদের দাবি, আইনশৃঙ্খলার অবনতির জন্যই এই ঘটনা। অভিযুক্তরা বিজেপি সমর্থক বলে তৃণমূল অভিযোগ তুলেছে।



