Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়েন্দা নজরে আউশগ্রাম, জামালপুর, মেমারিতে সদ্য গজিয়ে ওঠা কলোনিগুলি 

গোয়েন্দা নজরে আউশগ্রাম, জামালপুর, মেমারিতে সদ্য গজিয়ে ওঠা কলোনিগুলি 
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যে সাত-আট বছরের মধ্যে গড়ে ওঠা কলোনির দিকে নজর পড়েছে গোয়েন্দাদের। বাংলাদেশ থেকে আসা লোকজনরা ওই এলাকাগুলিতে বাড়ি তৈরি করেছে। কয়েক বছরের মধ্যেই তারা আধার, ভোটার কার্ড তৈরি করে নিয়েছে। কীভাবে তারা এই পরিচয়পত্রগুলি তৈরি করেছে, সেগুলি তারা খতিয়ে দেখছে। এই সমস্ত তথ্য দেখিয়ে তাদের অনেকেই পাসপোর্টও তৈরি করে নিয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদীয়ার মতো পূর্ব বর্ধমানেও এধরনের বেশকিছু নতুন বসতি গড়ে উঠেছে। আউশগ্রাম, জামালপুর এবং মেমারি থানা এলাকায় কয়েকটি নতুন কলোনি রয়েছে। খুব কম সময়ের মধ্যেই ওই এলাকাগুলিতে বসতি গড়ে উঠেছে।
Advertisement
আচমকা নতুন কলোনিগুলির দিকে তাদের দৃষ্টি পড়ল কেন? গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভিনরাজ্যে কয়েকজন গ্রেপ্তার হয়। তাদের পরিচয়পত্র এই রাজ্যের ছিল। তাছাড়া ভুল নথি দিয়ে পাসপোর্ট তৈরি চক্রের হদিশ রাজ্য পুলিসও পেয়েছে। কয়েক মাস আগে আউশগ্রাম থেকেও একজন গ্রেপ্তার হয়। সেও নকল তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল। সম্প্রতি একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরা এরাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। তারপর থেকেই নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি জঙ্গিরা ডেরা বেঁধেছিল। সেই ঘটনার পর থেকেই এই জেলার প্রতি কেন্দ্রীয় গোয়েন্দাদের নজর রয়েছে। এক আধিকারিক বলেন, বাংলাদেশ থেকে আসার পর খুব সহজেই তারা প্রমাণপত্র পেয়ে যাচ্ছে। কিছু টাকার বিনিময়ে একটি চক্র তাদের নথি তৈরি করে দিচ্ছে। এই চক্রটিকে পাকড়াও করতেই গোয়েন্দারা মরিয়া হয়ে উঠেছে। তারা বাংলাদেশ থেকে আসা লোকজনদের প্রথমে স্থায়ী সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। এলাকারই কাউকে ‘বাবা’ সাজানো হচ্ছে। অনেক সময় জনপ্রতিনিধিদের নথি নকল করেও তারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তৈরি করছে। সেটা দেখিয়েই রেশন কার্ড, ভোটার, আধারকার্ড ধাপে ধাপে তৈরি করছে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়ে যাচ্ছে। গোয়েন্দাদের দাবি, চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় উত্তর ২৪ পরগনা এবং মালদহ জেলায়। প্রতারকদের অনেকেই প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকেই এই কাজ করছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি জঙ্গির কাছ থেকে একাধিক নথি পেয়েছে। গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সবাই খারাপ উদ্দেশ্য নিয়ে এরাজ্যে আসছে, এমনটা নয়। কিন্তু সবার উদ্দেশ্যে ভালো নয়। তারাও নকল পরিচয়পত্র দিয়ে এরাজ্যে স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছে। এরাজ্যে থেকে আনসুরল্লাহ বাংলা টিম বা আলকায়দার মতো জঙ্গি সংগঠন জাল বিস্তার করছে। রাজ্য পুলিসও এই চক্রটিকে পাকড়াও করার জন্য মরিয়া চেষ্টা শুরু করেছে। 
সম্পর্কিত সংবাদ