Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

গয়না রপ্তানি বাড়াতে শিল্পমহল তাকিয়ে ট্রাম্প সরকারের দিকে, সিঙ্গুরে হবে কস্টিউম জুয়েলারি হাব

গয়না রপ্তানি বাড়াতে শিল্পমহল তাকিয়ে ট্রাম্প সরকারের দিকে, সিঙ্গুরে হবে কস্টিউম জুয়েলারি হাব
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না ও হীরের রপ্তানি বাড়াতে এবার ডোনাল্ড ট্রাম্প সরকারের দিকে তাকিয়ে আছে এদেশের স্বর্ণশিল্পমহল। চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালের প্রথম ন’মাস পরিস্থিতি ভালো যায়নি। একবছর আগের নিরিখে কমে গিয়েছে হীরের রপ্তানি। ভারত থেকে যে পরিমাণ হীরে রপ্তানি হয়, তার অন্যতম বাড় বাজার আমেরিকা। ট্রাম্পের নীতি সেই বাজার চাঙ্গা করতে পারে কি না, আপাতত তার দিকেই তাকিয়ে গয়না ও হীরে রপ্তানির সর্বভারতীয় সংগঠন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। পাশাপাশি এখানকার কর্তারা জানিয়েছেন, হুগলির সিঙ্গুতে তাঁরা কস্টিউম জুয়েলারির হাব তৈরির উদ্যোগ নিয়েছেন।
Advertisement
কাউন্সিল কর্তাদের বক্তব্য, গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কাটিং ও পালিশ করা হীরে রপ্তানি হয়েছে প্রায় ৮১ হাজার ৭৭৪ কোটি টাকার। তা ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের তুলনায় ১৭ শতাংশ কম। ডলারের নিরিখে বাজার মার খেয়েছে ১৮.২৫ শতাংশ। গয়নার সার্বিক রপ্তানি মার খেয়েছে টাকার নিরিখে ৯.৬৮ শতাংশ। শেষ ডিসেম্বর পর্যন্ত রপ্তানি হয়েছে প্রায় ১ লক্ষ ৭৪ হাজার ৬১৩ কোটি টাকার গয়না।  কাউন্সিলের চেয়ারম্যান বিপুল শাহ বলেন, আমাদের ধারণা, রপ্তানির খারাপ সময়কে পিছনে ফেলে এসেছি আমরা। ট্রাম্পের হাত ধরে আসা সরকার এদেশের হীরের রপ্তানি বাড়াতে সাহায্য করবে। আমাদের আশা, ২০২৫-২৬ অর্থবর্ষে আমরা ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি বৃদ্ধি দেখতে পাব।    
হুগলির সিঙ্গুরের গয়না শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, জানিয়েছেন এখানকার কর্তারা। সিঙ্গুর এবং সংলগ্ন এলাকায় প্রায় ১ লক্ষ মানুষ কস্টিউম জুয়েলারি বা ‘ইমিটেশন’ গয়না তৈরির সঙ্গে যুক্ত। এঁদের মধ্যে অন্তত ২০ শতাংশ মহিলা কর্মী রয়েছেন। জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের পূর্ব ভারতের প্রধান কর্তা পঙ্কজ পারেখ বলেন, আমাদের মূল কাজ রপ্তানিতে সুবিধা করে দেওয়া। সিঙ্গুরের অবস্থানগত সুবিধা যেমন আছে, তেমনই এখানে সুলভে কাঁচামাল পাওয়া যায়। হাওড়ার ডোমজুড় এবং হুগলির সিঙ্গুরে দেশের বৃহত্তম কস্টিউম জুয়েলারি তৈরি হয়। এখানকার অনেকেই রপ্তানির বাজার সম্পর্কে সচেতন। কিন্তু সেখানে অসংগঠিতভাবে ব্যবসা চলায় তাঁদের অনেকেই সুষ্ঠুভাবে রপ্তানি করতে পারছেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকায় রপ্তানি বাড়াতে সর্বস্তরে সহায়তা দেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ