নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে ফের নামল সোনা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৩৫ হাজার ৯৫০ টাকা। গত শনিবার সেই দর ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম পিছু দাম নেমেছে ১ হাজার ৬৫০ টাকা। দশদিন আগে ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ এই কদিনে দাম কমেছে প্রায় ১০ হাজার টাকা।
তথ্য বলছে, চলতি বছরের গোড়ায়, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি কলকাতায় সোনার দর ছিল ১ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ দামের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সেই দামের কাছাকাছি পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর দর। সোমবার দাম কমেছে ২২ ক্যারেট গয়না সোনারও। এদিন ১০ গ্রাম পিছু এর দর ছিল ১ লক্ষ ২৯ হাজার ২৫০ টাকা। অনেকটা দর নেমেছে রুপোরও। যেখানে শনিবার কেজি পিছু খুচরো রুপোর দাম ছিল ১ লক্ষ ৭৭ হাজার ৬০০ টাকা, তা নেমেছে ১ লক্ষ ৭১ হাজার ২৫০ টাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলার চাঙা থাকা এবং আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ আগামী মাসে সুদের হার বাড়াতে পারে, এই সম্ভাবনা সোনার দাম কমাচ্ছে। কারণ সুদ বাড়লে, সেখানে লগ্নি বেশি লাভজনক, এই আশায় হাতে ধরে রাখা সোনা বিক্রি করছেন লগ্নিকারীরা। তবে বিশেষজ্ঞদের কথায়, সোনার দাম নিম্নমুখী হলেও বাজারে দোলাচল চলবে।



