নয়াদিল্লি: বাজারের আগুন দাবানলের চেহারা নিচ্ছে! খুচরো মুদ্রস্ফীতির পর এবার কেন্দ্র সরকারের অস্বস্তি বাড়াল পাইকারি মুদ্রাস্ফীতি। অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি (ডব্লুপিআই) আরও বেড়ে হল ১২.২৯ শতাংশ। নেপথ্যে মূলত জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্য-বহির্ভূত সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি। ২০২২-২৩ ভিত্তিবর্ষে পাইকারি মুদ্রাস্ফীতির নয়া মাপকাঠি তৈরির পর থেকে এই সূচক এতটা আকাশছোঁয়া আগে কখনও হয়নি। সেপ্টেম্বরে ডব্লুপিআই সূচক ১১.৩৯ শতাংশে পৌঁছে গিয়েছিল। অক্টোবরে তা আরও বেড়ে ১২ শতাংশ ছাপিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে। স্বাভাবিকভাবেই এর আঁচ পড়বে আদমির উপরও। ঘটনাচক্রে, গত সপ্তাহেই সরকার জানিয়েছিল অক্টোবরে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার (সিপিআই) বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ। এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক (আরবিআই) নির্ধারিত ৬ শতাংশের সহনশীলতার মাত্রা ছাপিয়ে গিয়েছে দামের দাপট। বিগত দু’বছরের মধ্যে প্রথমবার এভাবে ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করেছে খুচরো মুদ্রাস্ফীতি। তার মধ্যেই এবার পাইকারি মুদ্রাস্ফীতিও নয়া উচ্চতায় পৌঁছে গেল।
সোমবার প্রকাশিত সরকারি তথ্য বলছে, অক্টোবরে পাইকারি মূল্য সূচকে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৮.২৬ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৮.১৪ শতাংশ। অক্টোবরে খাদ্য-বহির্ভূত পণ্যের মুদ্রাস্ফীতি আরও ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে ১১.৬৯ শতাংশ (সেপ্টেম্বরে ছিল ১০.২৮ শতাংশ)। সেপ্টেম্বর মাসের ৯.৫১ শতাংশ থেকে আরও বেড়ে খনিজের মুদ্রাস্ফীতি হয়েছে ১২.৬৪ শতাংশ। জ্বালানি ও বিদ্যুতের মুদ্রাস্ফীতি ২৫.৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে অক্টোবরে হয়েছে ৩২.৮৪ শতাংশ। তবে এরই মধ্যে অর্থনীতিবিদদের একাংশ আশার কথা শোনাচ্ছেন। তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম সম্প্রতি বেশ কিছুটা কমায় এবার তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। নভেম্বর মাসে নিম্নমুখী হতে পারে পাইকারি মুদ্রাস্ফীতির হার।



