নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি পিএফের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়াতে বেতনের ঊর্ধ্বসীমা ১৫ থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এর ফলে গ্রাহকদের পেনশনও বাড়বে। কিন্তু পিএফের আওতায় থেকে যাঁরা ইতিমধ্যেই পেনশন পাচ্ছেন, তার বৃদ্ধি নিয়ে অনড় মনোভাব দেখিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৯ নভেম্বর দিল্লিতে বসতে চলেছে পিএফের কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকের আলোচ্যসূচি বা অ্যাজেন্ডায় থাকছে না ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টি। কর্তৃপক্ষের দাবি, এটি আর শ্রমমন্ত্রকের হাতে নেই। তারা ওই পেনশন বৃদ্ধির সুপারিশ অর্থমন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে। সরকারের নিজেদের মধ্যেই এহেন দায় ঠেলাঠেলিতে আখেরে সমস্যায় থাকছেন প্রবীণরাই। তারই প্রতিবাদে আজ মঙ্গলবার সল্টলেকের পিএফ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবেন প্রবীণরা। ইপিএস-৯৫ পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, আমরা এই সমাবেশ সোমবারই করতে চেয়েছিলাম। কিন্তু পুলিস অনুমতি দেয়নি। মঙ্গলবার বিক্ষোভ দিনভর চলবে।



