নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার খড়কাটা গ্রামে। মৃত বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র বাছার(৬৯)। এই ঘটনায় তদন্তে নেমে সোমবার পুলিস পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গ্রামে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় পূর্ণচন্দ্রবাবুর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। তাঁকে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃদ্ধের মৃত্যু হয়। তদন্তে নেমে এদিন পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিস। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।



