সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার ট্রাফিক হোমগার্ডকে মারধরের অভিযোগে কয়লাবোঝাই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ আসিফ খান। পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ-এগরার আমকুলা সিটিতে তার বাড়ি। ঘটনার দিন রাতে তাকে গলসি থানার গলিগ্রাম কার পার্কিং থেকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিস জানিয়েছে, সোমবার সকালে ট্রাফিক হোমগার্ড মহম্মদ রবিউল আলম গলসি চৌমাথায় ডিউটি করছিলেন। মাধ্যমিক পরীক্ষার জন্য এলাকাটি নো-এন্ট্রি পয়েন্ট ছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ দুর্গাপুরের দিক থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাককে নো-এন্ট্রিতে সাইড করতে বলেন ট্রাফিক হোমগার্ড। কিন্তু ট্রাকের চালক তাতে রাজি হয়নি। সে উল্টে ট্রাফিক হোমগার্ডকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে, চালক ওই হোমগার্ডকে মারধর করে। এমনকী, গাড়ি থেকে রড বের করে তাঁর বাঁহাতে আঘাত করে বলে অভিযোগ। পরে ট্রাফিক হোমগার্ডের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গলসি থানার পুলিস।



