সংবাদদাতা, মানকর: গলসি-২ ব্লকের তিনটি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় শনিবার জয়লাভ করেছেন। খানো মণ্ডলপাড়া সমবায় সমিতি, খানো কুণ্ডাপাড়া সমবায় সমিতি, খানো ইউসিএসিএস সমবায় সমিতির ৯টি করে আসনে নির্বাচন ছিল। শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শাসকদল ছাড়া অন্য কোনও দলের কেউ মনোনয়ন জমা দেয়নি। তিনটি সমবায়ে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। মিষ্টিমুখ করে দলীয় কর্মী-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা তৃণমূলের সম্পাদক শৈলেন হালদার বলেন, তিনটি সমবায়ে তৃণমূল ছাড়া বিরোধীরা মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। গলসি-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ সাবিরুদ্দিন আহমেদ বলেন, বিরোধীদের কোনও অস্তিত্ব না থাকার জন্যই তারা প্রার্থী দিতে পারেনি। আমরা চেয়েছিলাম বিরোধীরা নির্বাচনে অংশ নিক। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, সন্ত্রাসের রাজত্ব চলছে। আমাদের দলের হয়ে যাঁরা প্রার্থী হতে চেয়েছিলেন, তাঁদের ভয় দেখানো হয়েছে। আসন্ন বিধানসভা ভোটে মানুষ এর জবাব দেবে।



