সংবাদদাতা, মানকর: গলসি-১ ব্লকের রণডিহা বাজার থেকে শ্মশান ও নামো বাগদিপাড়া থেকে শ্মশান যাওয়ার দু’টি রাস্তার কাজ শুরু হয়েও দীর্ঘদিন ধরে বন্ধ। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি তৈরির জন্য পাথর ফেলা হয়েছিল। তার উপরে বালিও দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আচমকা কাজ বন্ধ হয়ে যায়। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। গলসি-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, রাস্তার কাজ কেন বন্ধ তা খোঁজ নিয়ে দেখা হবে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রায় ৭৫লক্ষ টাকা ব্যয়ে রণডিহা বাজার থেকে দামোদর পাড়ের গ্রামের শ্মশান পর্যন্ত একটি ও নামো বাগদিপাড়া থেকে শ্মশান পর্যন্ত আরও একটি রাস্তার কাজ শুরু হয়। কিন্তু গতবছর ফেব্রুয়ারি মাস নাগাদ কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ঠিকাদার সংস্থা রাস্তা দু’টির কাজ শুরু করার পরই স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। বিক্ষোভও দেখান বাসিন্দারা। তার জেরে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিষয়টি দেখে যান। ফের ওই ঠিকাদার সংস্থা কাজ শুরু করে। কিন্তু গত বছর মে মাস থেকে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি তৈরির জন্য পাথর ফেলা হয়েছিল। কিন্তু প্রায় সাত মাস কাজ না হওয়ায় অনেক জায়গায় পাথর উঠে গিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। এমনকী সাইকেল, গাড়ি চালাতেও সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাসিন্দা অরূপ জানা বলেন, কেন রাস্তার কাজ বন্ধ হল আমরা জানি না। অথচ এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ বাইরে থেকে দামোদরের ব্যারেজ দেখতে আসেন। তাছাড়া স্থানীয় বাসিন্দারা নিত্য প্রয়োজনে এই রাস্তাটি ব্যবহার করেন। রণডিহা ব্যাবেজে আসা সুদর্শন দত্ত বলেন, রাস্তায় খুব ধুলো উড়ছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানান, মাঝেমধ্যে রাস্তার উপর জল ছিটানো হলেও গাড়ির চাপে তা বেশিক্ষণ থাকছে না। এমনিতেই এলাকার ও বাইরের বহু মানুষ ব্যারেজ দেখতে আসেন। ফলে সারাদিনই গাড়ির চাপ থাকে। গাড়ির ধুলোয় নাজেহাল অবস্থা হচ্ছে এলাকার বাসিন্দাদের।



