সংবাদদাতা, মানকর: গলসির ডিভিসি মোড় থেকে পুরষা হাসপাতাল যাওয়ার রাস্তায় উড়ছে ধুলো। হাওয়ায় রাস্তার পাশে মজুত করে রাখা ধুলো, বালি উড়ে আসছে। ব্যাপক সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগীর পরিজন থেকে পথচারীরা। ধুলোর জন্য কমছে দৃশ্যমানতাও। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
Advertisement
গলসিতে দীর্ঘদিন ধরে চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। বেশ কয়েকটি জায়গায় ফ্লাইওভারের কাজ সম্পূর্ণ হয়েছে। কয়েক জায়গায় ফ্লাইওভার ও রাস্তার কাজ চলছে। পথচারীদের একাংশের অভিযোগ, রাস্তায় প্রতিদিনই ধুলো ওড়ে। কাজ চলার জন্য রাস্তার পাশে মজুত রাখা ধুলো, বালি উড়ে আসে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় ব্যাপকভাবে ধুলো ওড়ে। এলাকার বাসিন্দারা জানান, ধুলো ওড়ার জন্য বাইক বা সাইকেল চালাতে সমস্যা হয়। চোখ জ্বালা করে। প্রশাসনের বিষয়টি দেখা দরকার। পথচারী ইমরান শেখ বলেন, সাইকেল বা বাইক চালালে সমস্যা হচ্ছে। আচমকা ধুলোকণা চোখে এসে পড়ছে। শুধু তাই নয়, রাস্তার উপরেও জমছে বালি আর ধুলোর পুরু আস্তরণ। তাতে বাইকের চাকা স্লিপ করছে। পুরষা স্বাস্থ্যকেন্দ্রে টোটো করে রোগী নিয়ে এসেছিলেন শেখ সাফিউল। তিনি বলেন, হাওয়া দিলে অবস্থা আরও খারাপ হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কাজের গতি আরও বাড়ালে সুবিধা হতো। বাইক আরোহী শেখর চট্টোপাধ্যায় বলেন, হেলমেট পড়ে থাকলেও নাকে-মুখে ধুলো লাগছে। রাস্তার পাশেই রয়েছে গার্ডওয়াল। ফলে রাস্তা ছোট হয়ে গিয়েছে। তাই খুব আস্তে বাইক চালাচ্ছি। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা চাই জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত রাস্তার কাজ শেষ করুক। যে অংশে কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে সেখানে বালি, ধুলো সামগ্রী মজুত করা বন্ধ হোক। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এখন দ্রুত গতিতে কাজ চলছে। কাজ শেষ হলে আর সমস্যা হবে না।



