সংবাদদাতা, বর্ধমান: গলসির পুরষায় অগ্রগামী যুব সঙ্ঘ পরিচালিত নকআউট ফুটবলের ফাইনালে উঠল বাঁশকোপা প্রভাত সঙ্ঘ। বুধবার সেমিফাইনালে তারা জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টারকে ৩-০ গোলে হারিয়ে দেয়। অথচ, খেলার শুরুর কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জৌগ্রাম ফুটবল কোচিং সেন্টারের কাছে। ৮ মিনিটে তারা পেনাল্টি পায়। তা থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রভাত সঙ্ঘ। ৩২ মিনিটে সোনু মুর্মু গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালায় জৌগ্রামের ফুটবলাররা। কিন্তু, স্ট্রাইকারদের ব্যর্থতায় তারা গোল পায়নি। ম্যাচের ৪৩ মিনিটে সোনু আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন সোনু। তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।



