সংবাদদাতা, বর্ধমান: শুক্রবার থেকে গলসি থানার পুরষায় অগ্রগামী যুব সঙ্ঘ পরিচালিত চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউট ফুটবল শুরু হয়েছে। এবার প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় বর্ধমানের লোকো কোচিং সেন্টার ও বালাজি একাদশ মুখোমুখি হয়। একতরফা খেলায় লোকো কোচিং সেন্টার ৬-০ গোলে জয়ী হয়। ১১ মিনিটে এই দলের মার্শাল মুর্মু গোল করে দলকে এগিয়ে দেন। ১৭ মিনিটে আফতাব হোসেন ব্যবধান বাড়ান। ৩৪ মিনিটে ফের গোল করেন মার্শাল। দ্বিতীয়ার্ধের ৩১ ও ৪৪ মিনিটে অর্পণ কোনার দু’টি গোল করেন। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে নিজের দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান আফতাব।



