Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে মারপিট ও বোমাবাজি, ধৃত দুই

গলসিতে মারপিট ও বোমাবাজি, ধৃত দুই
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: গলসি থানার রামপুর গ্রামে দু’পক্ষের মধ্যে মারপিট এবং বোমাবাজির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম কিরণ ঘোষ ও কৃষ্ণপদ ঘোষ ওরফে কেষ্ট। রামপুরের উত্তরপাড়ায় তাদের বাড়ি। বাকি জড়িতদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিস। রামপুরের মোড়লপুকুর পাড়ে তেঁতুলগাছের নীচে দু’টি থলিতে মজুত ১৬টি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। এছাড়াও ঘটনাস্থল থেকে লাঠি, ক্রিকেট ব্যাট, ভাঙা ইটের টুকরো, কাটারি, ফাটা বোমার অংশ ও একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃত দু’জনকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।  দু’জনকে সাতদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রামপুর গ্রামে দু’টি গোষ্ঠীর মধ্যে মারপিট বাধে। দু’পক্ষই একে অপরের উপর লাঠি, লোহার রড, কাটারি, ব্যাট নিয়ে চড়াও হয়। রামপুর উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে মারপিট হয়। আচমকা দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয়। গণ্ডগোলের খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিসের গাড়ি দেখেই মারপিটে জড়িতরা পালাতে শুরু করে। ঘটনাস্থল থেকে কিরণ ও কৃষ্ণপদকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিসের দাবি।অন্য একটি ঘটনায় মেমারি থানার পুলিস বাড়িতে চুরির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ মনিরুল। পুলিস জানিয়েছে, পূর্ব কাশিয়াড়া গ্রামে একটি বাড়িতে গ্রিল ও আলমারির লক ভেঙে চুরির ঘটনায় জড়িত সন্দেহে মনিরুলকে ধরা হয়েছে। এই ঘটনায় আগেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের বাড়ি হুগলির পাণ্ডুয়া থানার সিমলাগড়ে। বুধবার স্থানীয় থানার সাহায্য নিয়ে সিমলাগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম।
সম্পর্কিত সংবাদ