সংবাদদাতা, মানকর: গলসি থানার রাকোনা মোড় সংলগ্ন একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। শুক্রবার সকাল ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ওই ট্রাকটি কলকাতা থেকে মাল নিয়ে ঝাড়খণ্ড যাচ্ছিল। হোটেলের সামনে গাড়িটি দাঁড় করিয়ে চালক ও খালাসি খাবার খেতে ঢোকে। সেই সময় আচমকা গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে হোটেলের পাম্প ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টাও করা হয়। দ্রুত খবর দেওয়া হয় গলসি থানায় ও ব্লকের অগ্নি নির্বাপন কেন্দ্রে। সেখান থেকে দু’টি ইঞ্জিন পাঠানো হয়। দমকলের এক আধিকারিক বলেন, আমাদের দু’টি ইঞ্জিনে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ট্রাকে স্টেশনারি, মশলা ও ওষুধ ছিল।
Advertisement
জেসিবি দিয়ে ট্রাকের ভিতরে থাকা সমস্ত মালপত্র খালি করা হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী দেবদুলাল মজুমদার বলেন, আচমকা আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে। ট্রাকের উপরে থাকা ইলেকট্রিক তারও পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।



