নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শুক্রবার রাতে গলসির মানিকবাজারে ডাম্পারের সঙ্গে একটি লরির সংঘর্ষে আগুন ধরে যায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। মানিকবাজারের কাছে ট্রাক চালক পাথর বোঝাই ডাম্পারের পিছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। রাস্তা দু ধারে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পুলিস ও দমকল কর্মীরা বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক করেন। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় বিকট আওয়াজ হয়। অনেক দূর থেকে শব্দ শোনা যায়। আগুনের শিখা দেখে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।



