সংবাদদাতা, বর্ধমান: গলসিতে তালা ভেঙে দোকান থেকে প্রচুর মোবাইল চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম মনিরুল মোল্লা ও সাজ্জাদ আলি মোল্লা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও বসিরহাট থানা এলাকায় ধৃতদের বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে বসিরহাট থানার হিজলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চুরির কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিসের দাবি। তাদের সঙ্গে আরও কয়েকজন চুরিতে জড়িত বলে জেনেছে পুলিস। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের সাত দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, গলসি বাজার এলাকায় সার্ভিস রোডের পাশে শেখ সাদ্দাম নামে একজনের ইলেক্ট্রনিক্স সরঞ্জামের দোকান রয়েছে। গত ২৯ ডিসেম্বর রাত ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাঁর দোকানের শাটারের তালা ভেঙে ১৬০টি বিভিন্ন কোম্পানির মোবাইল নিয়ে চম্পট দেয়। পরের দিন বিষয়টি জানতে পেরে দোকানদার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা বিশ্লেষণ করে পুলিস জানতে পারে, মোবাইল চুরির পর দুষ্কৃতীরা সেগুলি একটি পিকআপ ভ্যানে লোড করে পালায়। পিকআপ ভ্যানের নম্বরও পায় পুলিস। সেই সূত্র ধরেই মোবাইল মনিরুল ও সাজ্জাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিস।



