সংবাদদাতা, বর্ধমান: হেফাজতে থাকা সেলিম ওস্তাগরকে নিয়ে উত্তর ২৪ পরগনা থেকে চুরির ৪৯টি মোবাইল উদ্ধার করল গলসি থানার পুলিস। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার সিরাজপুরে সেলিমের বাড়ি। গ্রেপ্তার করে ১৮ জানুয়ারি তাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করে চারদিন হেফাজতে নেয় পুলিস। জিজ্ঞাসাবাদে ধৃত মোবাইলের দোকানে চুরির ঘটনায় উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকার আরও দু’জনের নাম জানিয়েছে। সেলিমকে নিয়ে তাদের বাড়িতে হানা দেয় গলসি থানার পুলিস। কিন্তু, বাড়িতে তাদের পাওয়া যায়নি। গ্রেপ্তার এড়াতে তারা গা-ঢাকা দিয়েছে বলে পুলিসের অনুমান। তাদের মধ্যে একজনের বাড়ি থেকে ৩০টি চুরির মোবাইল উদ্ধার হয়। এরপর সেলিমকে নিয়ে ঘোজাডাঙায় সংগ্রামপুর ব্রিজের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় পুলিস। সেখান থেকে আরও ১০টি মোবাইল উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। বসিরহাট থানার পুলিস আগেই ৯টি মোবাইল উদ্ধার করে। সেগুলি গলসি থানার পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ধৃতকে ফের বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে আরও সাত দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন সিজেএম।



