Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসিতে আবাসের তালিকা থেকে নাম বাদ, বিক্ষোভ গ্রামবাসীদের

গলসিতে আবাসের তালিকা থেকে নাম বাদ, বিক্ষোভ গ্রামবাসীদের
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে গলসি-১ ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সেখানকার ১৩টি গ্রামে এবার আবাসের সমীক্ষাই হয়নি। অথচ সেসব গ্রামের মানুষের নাম বাদ গিয়েছে। ২০১৮ সালের সমীক্ষার পর তাঁদের নাম তালিকায় ছিল। গলসি-১ এর বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা মাটির বাড়িতেই বসবাস করছেন। অনেকের বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে। তারপরও আবাসের তালিকায় তাঁদের নাম নেই। পাণ্ডুদহ গ্রামের বাসিন্দা নিবেদিতা ঘোষ বলেন, ২০১৮ সালে বাড়ির সমীক্ষা হয়েছিল। সমীক্ষকরা ছবিও তুলে নিয়ে গিয়েছিলেন। এখন আমার মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু বাড়ি দেওয়া হয়নি। ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তালিকায় আমার নাম নেই। পাণ্ডুদহতে কেন সমীক্ষা হচ্ছে না বুঝতে পারছি না।
বেলেডাঙা গ্রামের বাসিন্দা মালা বাগদি বলেন, বাড়ি ভেঙে যাচ্ছে। অথচ বাড়ি পাচ্ছি না। অনেকবার নথি জমা দিয়েছি। কিন্তু লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা বুলিরানি ঘোষ বলেন, মাটির বাড়িতে কোনওরকমে দিন কাটাই। বহুবার নথি জমা দিয়েছি। তাও কেন বাড়ি পেলাম না?
পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য প্রদ্যুৎ কোলে বলেন, আবাস যোজনার তালিকায় এই পঞ্চায়েতের শুধুমাত্র কৃষ্ণরামপুরের ২১৪জনের নাম রয়েছে। পঞ্চায়েতের ১৩টি গ্রামের বাসিন্দাদের নাম বাদ গিয়েছে। অথচ ২০১৮ সালের তালিকায় তাঁদের নাম ছিল। বিষয়টি জেলাশাসক, বিডিও ও মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানো হয়েছে। 
সম্পর্কিত সংবাদ