Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসি পুলিসের জালে রাজস্থানের নারী পাচার চক্রের মাস্টারমাইন্ড

গলসি পুলিসের জালে রাজস্থানের নারী পাচার চক্রের মাস্টারমাইন্ড
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: নারী পাচার চক্রের এক মাস্টারমাইন্ডকে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম রমেশ কুমার। তার বাড়ি রাজস্থানের পালি জেলার নানা থানা এলাকায়। পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গলসি থানার সাটিনন্দী এলাকার এক নাবালিকার সঙ্গে এক যুবকের সম্পর্ক তৈরি হয়। সে তাকে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে রাজস্থানে বিক্রি করে। ওই নাবালিকাকে পুলিস কয়েক মাস আগে রাজস্থান থেকে উদ্ধার করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, পাচার চক্রের জাল রাজস্থান পর্যন্ত ছড়িয়ে রয়েছে। চক্রের মাস্টারমাইন্ডরা সেরাজ্যে বসে রয়েছে। তাদের এজেন্ট বাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। তারা নাবালিকাদের প্রেমের জালে জড়িয়ে বিক্রি করে। ওই নাবালিকাকে রাজস্থানে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সে কারও সঙ্গে যোগাযোগ করতে পারত না। নভেম্বর মাসে ওই এলাকার এক প্রতিবেশী তাকে সহযোগিতা করে। তার ফোন থেকে সে বাড়ির সঙ্গে যোগাযোগ করে। তাকে রাজস্থানে বিক্রি করে দেওয়া হয়েছে বলে সে পরিবারের লোকজনদের জানায়। এরপরই তাঁরা পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। পুলিস সুপারের নির্দেশে একটি দল রাজস্থানে পৌঁছয়। সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। সে-ই টাকা দিয়ে নাবালিকাকে কিনেছিল। তার কাছে থেকে পুলিস চক্রের মাস্টারমাইন্ডের নাম জানতে পারে। তারপরই তাকে পাকড়াও করা হয়। তাকে মঙ্গলবার রাজস্থান থেকে বর্ধমানে আনা হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ