সংবাদদাতা, বর্ধমান: বালিবোঝাই একটি ডাম্পার ও ট্রাক বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক ও ডাম্পারের চালকদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার ভোররাতে শিল্যাঘাটের দিক থেকে ডাম্পার ও ট্রাকটি আসছিল। বিষয়টি জানতে পেরে সার্ভিস রোডে পারাজ মোড়ের কাছে নাকা চেকিং শুরু করে পুলিস। ট্রাক ও ডাম্পারটি সেখানে এলে সেটিকে দু’টিকে আটকায় পুলিস। চালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না। রবিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতদের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
অন্যদিকে, বালিবোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ট্রাকটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার ভোররাতে বর্ধমান–বাঁকুড়া রোড ধরে চেকপোস্টের দিক থেকে ট্রাকটি আসছিল। কাঁটাপুকুর মোড়ের কাছে পুলিস ট্রাকটিকে আটকায়। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছিল বলে পুলিস জানিয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।



