নয়াদিল্লি: শশী থারুরকে কিছুতেই বাগে আনতে পারছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেরলের এলডিএফ সরকারের উন্নয়নের কাজের প্রশংসা করে ইতিমধ্যেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন তিরুবনন্তপুরমের সাংসদ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়। গত সপ্তাহে তাঁর সঙ্গে কথা বলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরপরেও বরফ গলেনি। মঙ্গলবার আবার তাঁকে দেখা গেল কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও ব্রিটিশ বাণিজ্য এবং শিল্পমন্ত্রী জোনাথন রেন্ডলসের সঙ্গে। তিনজনের সেলফি পোস্ট করে থারুর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রেন্ডলস ও গোয়েলের সঙ্গে মতামত বিনিময় করে ভালো লাগল। বহুদিন ধরে আটকে থাকা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাকে স্বাগত জানাচ্ছি।’
Advertisement
দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ার প্রেক্ষিতে থারুর কংগ্রেস ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এই অবস্থায় কেরলের প্রবীণ নেতা এবং সাংসদদের দিল্লিতে ডেকে পাঠাল কংগ্রেস হাইকমান্ড। শুক্রবার দলের নতুন সদর দপ্তর ইন্দিরা ভবনে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেখানে রাহুল গান্ধীরও উপস্থিত থাকার কথা। কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, কেরলে আসন্ন স্থানীয় নির্বাচন এবং বিধানসভা ভোট নিয়ে রণকৌশল ঠিক করতেই আলোচনায় বসা হচ্ছে। তবে দলের একটি অংশের মত হল, শশী থারুরকে নিয়ে বিতর্কের নিষ্পত্তি করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।



