নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ এফসি গোয়া। ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মনোলো মার্কুয়েজ ব্রিগেড। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে সাদা-কালো ব্রিগেডের সংগ্রহ ১২ পয়েন্ট। ফলে ধারে-ভারে এগিয়েই শুরু করবে গোয়া। চোটের কারণে আদিঙ্গা ও ইরশাদকে পাচ্ছে না মহমেডান। কার্ড সমস্যায় নেই কাসিমভও। তার উপর গোলের খরা অব্যাহত। শেষ ম্যাচে ফ্রাঙ্কা যেভাবে সুযোগ হাতছাড়া করেছেন, তাতে হতাশ কোচ মেহরাজউদ্দিন। তবে হাল ছাড়তে নারাজ তিনি। রবিবার সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘আশা করছি গোয়া ম্যাচে তা পারবে।’



