সংবাদদাতা, ইসলামপুর: যুবকের ঘুষিতে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হল রেশন ডিলারের। বুধবার বিকেলে এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের ভেন্ডাবাড়ি এলাকায়। মৃত কমল দাস (৫০) ওই এলাকার বাসিন্দা। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, রেশন সামগ্রী না দেওয়ায় প্রতিবেশী যুবক ও তার মা ডিলারকে মারধর করার পর তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তবে মৃতের পরিবার পুলিসকে অভিযোগ জানায়নি। বুধবার পাড়ার গ্রাহকদের রেশন সামগ্রী না দেওয়ায় এক প্রতিবেশী যুবক ডিলারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এমন সময় যুবকের মা সেখানে আসেন। বচসা চলাকালীন হাতাহাতি শুরু হলে আচমকাই ডিলারের বুকে ঘুষি মারে যুবক। ডিলার গুরুতর অসুস্থ হলে বিহারের কিষাণগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী রমাদাস বলেন, স্বামী সকালে পাশের পাড়ার গ্রাহকদের রেশন সামগ্রী দেওয়ার জন্য গিয়েছিল। দুপরে বাড়ি ফেরে এসে চেয়ারে বসেছিল। এমন সময় পাড়ার এক যুবক ও তার মা রেশন সামগ্রী নিতে আসে। স্বামী বলে এখন খাওয়াদাওয়া করব। পাড়ার গ্রাহকদের দু’দিন পর রেশন দেওয়া হবে। তখনই যুবক স্বামীর বুকে ঘুষি মারতে শুরু করে। স্বামী জ্ঞান হারালে অনেক ডাকাডাকির পরও সাড়া পাইনি। মা ও ছেলে মিলে খুন করেছে স্বামীকে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক এবং তার পরিবারের সদস্যরা ফেরার বলে অভিযোগ। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



