Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোয়ালপোখরে অসংগঠিত ক্ষেত্রে নজর, শ্রমিকদের আইএনটিটিইউসি’র ছাতার তলায় আনার কাজ শুরু

গোয়ালপোখরে অসংগঠিত ক্ষেত্রে নজর, শ্রমিকদের আইএনটিটিইউসি’র ছাতার তলায় আনার কাজ শুরু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গোয়ালপোখরে এখন থেকেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আইএনটিটিইউসি’র ছাতার তলায় আনার কাজ শুরু করেছে নেতৃত্ব। শ্রমিকরা যাতে সরকারি সুযোগ সুবিধা পান সেজন্য তৃণমূলের শ্রমিক সংগঠনকে মজবুত করার পাশাপাশি সচেতনতা গড়ে তোলার লক্ষ্য স্থির করা হয়েছে। এজন্য নতুন করে সংগঠনকে সাজানোর কাজও শুরু হয়েছে। লোকসভা নির্বাচনে দল আশানুরূপ লিড দিতে পারেনি। গোয়ালপোখর যেহেতু মন্ত্রী গোলাম রব্বানির খাসতালুক তাই বিষয়টি নিয়ে জেলাজুড়ে দলের অন্দরে সমালোচনা হয়েছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দলের পক্ষে বিপুল ভোট টানতে শাখা সংগঠনকেও মজবুত করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। আইএনটিটিইউসি’র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শেখর দাস বলেন, শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার বহু সুযোগ সুবিধা দিচ্ছে। কিছু মানুষ সুবিধা পাওয়ার পরেও ভোটের সময় অন্যদিকে চলে যায়। কিন্তু ২৬ এর নির্বাচনে তা হবে না। এখন থেকেই আমরা সংগঠনের কাজ শুরু করেছি। ফিরোজ আহমেদ আজাদকে সংগঠনের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ব্লক থেকে বুথ, অঞ্চল পর্যন্ত সংগঠনকে সাজান হবে। শ্রমিকরা যাতে সরকারি সুযোগ সুবিধা পান সেদিকেও নজর রাখা হবে। জেলার মধ্যে গোয়ালপোখরেই আমাদের সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে। রাজনৈতিক মহলের আলোচনা, গোয়ালপোখর বিধানসভা এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। লোকসভা নির্বাচনে গোয়ালপোখর থেকে রায়গঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী ভোট পেয়েছেন ৬৭ হাজার ৫৫৪। কংগ্রেস পেয়েছে ৬৬ হাজার ৮৮৮ ভোট। এলাকার প্রচুর মানুষ ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। তাদের জন্য কিছু করা সম্ভব হলে শ্রমিক ও পরিবারের ভোট তৃণমূলের ঝুলিতে আসবে। তাই শ্রমিক সংগঠনকে মজবুত করার লক্ষ্য রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সংগঠনের ব্লক সভাপতি ফিরোজ আহমেদ আজাদ বলেন, ট্রেড ভিত্তিক সংগঠন তৈরি করে সকলকে আইএনটিটিইউসি’র ছাতার তলায় আনাই আমার লক্ষ্য। মন্ত্রী রব্বানির ভাই গোলাম রসুল বলেন, এই এলাকা থেকে বহু মানুষ ভিনরাজ্যে শ্রমিকের কাজে যান। সেখানে গিয়ে কারও মৃত্যু হলে তাঁর পরিবার সরকারিভাবে আর্থিক সুযোগ সুবিধা পায়। তার জন্য শ্রমিকদের নাম শ্রমদপ্তরে নথিভুক্ত থাকা জরুরি। আইএনটিটিইউসি নেতৃত্ব গ্রামে গ্রামে সমস্ত স্তরের শ্রমিকদের নথিভুক্ত করাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ