সংবাদদাতা, বর্ধমান: জিবিএস বা গুলেন বারি সিনড্রোম নিয়ে জেলায় এখনও পর্যন্ত কোনও সক্রিয় রোগী পাওয়া না গেলেও রাজ্যের নির্দেশমতো যাবতীয় পরিকাঠামো তৈরি রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। সম্প্রতি এই রোগে আক্রান্ত হলে কী ধরনের চিকিৎসা দিতে হবে, পরিকাঠামো কতটা প্রস্তুত রাখতে হবে সেবিষয়ে ভিডিও কনফারেন্স করেন স্বাস্থ্যকর্তারা। সেই নির্দেশমতোই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুবিভাগ এবং সিসিইউ বিভাগে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এই রোগে আক্রান্ত ১৭জন চিকিৎসাধীন রয়েছে। তারমধ্যে বেশিরভাগই রয়েছে শিশু। জিবিএস সিনড্রোমে মৃত্যু হয়েছে ১০ বছরের এক শিশু সহ আরও দু’জনের। নতুন করে আর মৃত্যুর সংখ্যা যেন বৃদ্ধি না পায়, সেবিষয়ে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালকে সতর্ক করেছে স্বাস্থ্যদপ্তর। সেই সঙ্গে দেওয়া হয়েছে পরিকাঠামোগত কিছু নির্দেশ। চিকিৎসকরা জানান, শিশুদের হাত-পা ঝিনঝিন করা বা দুর্বল হয়ে গেলে স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে। যদিও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত এধরনের কোনও সন্দেহজনক রোগী আসেনি। প্রস্তুতি প্রসঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, হাসপাতালের শিশু বিভাগের পিকু(পিআইসিইউ)–তে দু’টি এবং সিসিইউয়ে একটি বেড সংরক্ষিত রেখেছি।



