Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গালিগালাজের প্রতিবাদ, বাড়িতে ঢুকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন কৃষ্ণগঞ্জে

গালিগালাজের প্রতিবাদ, বাড়িতে ঢুকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন কৃষ্ণগঞ্জে
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: গালিগালাজের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। কৃষ্ণগঞ্জ থানার গেদে দক্ষিণপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নীলকণ্ঠ বিশ্বাস(৪৬)। তিনি পেশায় চাষি। পুলিস অভিযুক্ত একজনকে গ্রেপ্তারও করেছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার রাতে গেদে দক্ষিণপাড়ায় একটি অশ্বত্থ গাছের কাছে অচিন্ত্য বিশ্বাস, খুদে বিশ্বাসরা বসে মদ্যপান করছিল। সেসময় দোকান থেকে বিড়ি কিনে বাড়ি ফিরছিলেন নীলকণ্ঠ বিশ্বাস। তাঁর মুখে অচিন্ত্যদের টর্চের আলো পড়ে। তিনি চেঁচিয়ে বলে ওঠেন, ‘কারা টর্চ মারছিস রে?’ প্রত্যুত্তরে গালাগালি শুনে নীলকণ্ঠবাবু প্রতিবাদ করেন। অভিযোগ, এনিয়েই তাঁর সঙ্গে তিন নেশাগ্রস্তের বচসা বেধে যায়। তারা প্রথমে নীলকণ্ঠবাবুকে মারধর করে চলে যায়। পরে ফিরে এসে বাঁশ নিয়ে নীলকণ্ঠবাবুর বাড়িতে চড়াও হয়। পরিবারের লোকজনের সামনে নীলকণ্ঠবাবু ও তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে, বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে নীলকণ্ঠবাবু জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
এরপর নীলকণ্ঠবাবু কৃষ্ণগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্ত অচিন্ত্য বিশ্বাসকে গ্রেপ্তার করে। কিন্তু এরই মধ্যে নীলকণ্ঠবাবু বমি করতে থাকেন। তাঁর শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার রাতেই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে সেখানে তিনি মারা যান। নীলকণ্ঠবাবুর স্ত্রী কাকলি বিশ্বাস বলেন, আমার স্বামীর মুখে ওরা আলো ফেলেছিল। কারা টর্চ মারছিস বলতেই ওঁকে গালাগাল করে। প্রতিবাদ করলে বাড়িতে ঢুকে বাঁশ দিয়ে মারে। আমাকেও মেরেছে। আমি ওদের শাস্তি চাইছি।
এই খুনের ঘটনায় সীমান্ত এলাকার পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেইসঙ্গে চাপা উত্তেজনাও রয়েছে। এদিন সন্ধ্যায় কৃষ্ণনগরে নীলকণ্ঠবাবুর দেহের ময়নাতদন্ত হয়। এরপর দেহ বাড়িতে পাঠানো হয়।
সম্পর্কিত সংবাদ