Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কাচের বোতলে কারুকাজ

কাচের বোতলে কারুকাজ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুধুমাত্র শৌখিনতার জন্য নয়, মিনিমালিস্টিক ছোঁয়ায় রঙিন কাচের বোতলে কারুকাজ অন্দরমহলের সজ্জায় ভিন্ন রুচি তৈরি করেছে। এ কাজে পরিবেশবান্ধব অরগ্যানিক জিনিসও ব্যবহার করা হচ্ছে। তাই কাজের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা থাকছে স্পষ্ট। তাছাড়া নিজের হাতে ঘরসজ্জার উপকরণ তৈরি করার উদ্যোগ সবসময়ই আনন্দদায়ক। অবসর যাপনের সময়টুকুতে নিজের শখ পূরণের জন্য অনেকেই  বাড়িতে ফেলে দেওয়া কাচের বোতলের গায়ে বাহারি তুলির টানে ফুটিয়ে তুলছেন রকমারি নকশা-কারুকার্য। শিল্পচর্চার অভিনব এই  উদ্যোগে ছোট ছোট কাচের বোতলের গায়ে নিমেষেই প্রকাশ পাচ্ছে চমকপ্রদ আঁকিবুকি। বাড়িতে বসেই এখন স্বল্প উপকরণ ব্যবহার করে অবসর যাপনের এই ক্ষেত্রটুকু অনায়াসেই রপ্ত করতে পারেন আপনিও। এই রকমারি কারুকার্য কীভাবে সম্ভব?
মিনিমালিস্টিক কারুকার্য
 বাড়ির অন্দরসজ্জায় মিনিমালিস্টিক বা স্বল্প শিল্পকৃতি যাদের বিশেষভাবে পছন্দ, তারা কাচের পুরনো ওষুধের বোতল, বা জলের বোতলে নকশা আঁকার মাধ্যমে শিল্পীসত্তাকে ফুটিয়ে তুলতে পারেন। ইন্টারনেটের সাহায্য নিয়ে সিম্বলিক ফরম্যাট বা নকশা নির্বাচন করতে পারেন খুব সহজেই।
লেস বা স্যাটিনের ফিতে  
আপনি যদি নিজের হাতে আঁকায় খুব একটা স্বচ্ছন্দ না হন, সেক্ষেত্রে আপনি কাচের বোতলে কারুকার্য করার এই বিকল্প পদ্ধতিটি বেছে নিতে পারেন। কাচের বোতলটি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর ভালো করে প্রাইমার দিয়ে রং করে নিন। এরপর লেস বা স্যাটিন ব্যবহার করে বোতলটিকে সাজিয়ে ফেলুন। ছোট ছোট স্যাটিন বো, বা লেস দিয়ে ফুল তৈরি করে কাচের কারুকার্যে ব্যবহার করতে পারেন। লেস বা ফিতের রঙের সঙ্গে মানানসই কাগজের ফুল কিনে নিন, আর বোতলটিকে ব্যবহার করুন ফুলদানি হিসেবে। এই ধরনের ফুলদানি নিঃসন্দেহে বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেবে।
গ্লিটার বা এনামেল
 বাড়ির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তোলার ক্ষেত্রে গ্লিটার বা এনামেলে কারুকার্য করা বোতল ব্যবহার করা যেতে পারে। বাড়িতে গেট টুগেদার পার্টির থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি গ্লিটার এবং এনামেলের রং বেছে নিতে পারেন।
পাটের ডিজাইন 
অনেকেই অন্দরমহলের সজ্জায় সাবেকিয়ানার ছোঁয়া রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে গ্রামবাংলার বহু পুরনো শিল্প উপকরণ পাট ব্যবহার করে কাচের বোতলের গায়ে শিল্পকলার প্রকাশ ঘটানো যেতে পারে। কাচের বোতলের গায়ে পাটের দড়ির রকমারি নকশা অনায়াসেই গ্রামবাংলার প্রাচীন এই শিল্পকে আপনার ঘরের ড্রয়িংরুমে জায়গা করে দেবে।
রকমারি আলোকসজ্জা
  বড় বড় কাচের বোতল ব্যবহার করে আপনি অনায়াসেই সৃজনশীল চিন্তাধারা ফুটিয়ে তুলতে পারেন, সেক্ষেত্রে খুব বেশি উপকরণ বা পরিশ্রমেরও প্রয়োজন নেই। কাচের বোতলগুলি ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন, তারপর সেই স্বচ্ছ বোতলে রেখে দিন রকমারি ‘ফেয়ারি লাইট’। রকমারি আলো বোতলে প্রতিসৃত হয়ে অদ্ভুত এক মায়াময় পরিবেশ সৃষ্টি করবে। 
একটুকরো সমুদ্র
অবসরযাপনে আঁকার প্রতি যাঁদের বিশেষ আগ্রহ রয়েছে, তাঁরা রং-তুলির টানে বোতলের গায়ে একটুকরো সমুদ্র, কিংবা বালুতটরেখা ফুটিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে বোতলটির সৌন্দর্য আরও চিত্তাকর্ষক করে তোলার ক্ষেত্রে বোতলের ভিতরে বালি, ছোট ছোট নুড়ি, ঝিনুক, অথবা ছোট শামুকের খোল ভরে দেওয়া যেতে পারে। 
আর্ট ফর্ম
 বাড়িতে নানা কাজে ব্যবহৃত পুরনো কাচের বোতলগুলি নানা রঙে ভরিয়ে তুলুন। ফুটিয়ে তুলুন নিত্যনতুন আর্ট ফর্ম। গুজরাতের ঐতিহ্যবাহী লিপ্পান আর্ট ফর্মের ক্ষেত্রে প্রয়োজন ক্লে (কাদা) এবং রকমারি ডিজাইনের আয়না। এই দুইয়ের সংযোগে কাচের বোতলের গায়ে রকমারি জ্যামিতিক নকশায় ফুটিয়ে তুলুন লিপ্পান আর্ট ফর্মটি। রেখাগুলিকে আরও সুস্পষ্ট করে তোলার জন্য ব্যবহার করুন গ্লু। এছাড়াও, মান্ডালা আর্ট ফর্মের কারুকার্যও এই ধরনের কাচের বোতল সজ্জায় আলাদা করে নজর কাড়তে পারে। জ্যামিতিক সজ্জায় সজ্জিত এই শিল্পকলার ব্যবহার অনায়াসেই আপনার অবসর সময়কে করে তুলবে আরও মনোগ্রাহী। অঙ্কনশিল্পচর্চার প্রতি বিশেষ আগ্রহ থাকলে আপনি বেশ নিখুঁতভাবেই স্বচ্ছ কাচের গায়ে ফুটিয়ে তুলতে পারেন বিহারের প্রাচীন লোকশিল্প মধুবনী চিত্রকলার বিভিন্ন রূপবিন্যাস অথবা মহারাষ্ট্রের বহু প্রাচীন উপজাতির ওরলি চিত্রকলা। এই ধরনের চিত্রকলার মানানসই রং ও রেখাবিন্যাস কাচের বোতলের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলবে। বাড়ির অন্দরমহলে নিজের মৌলিক শিল্পবোধও বজায় রাখতে পারবেন। সহজেই রং-তুলি সহযোগে আপনার অবসরের সময়কে আরও তৃপ্তিময় করে তুলুন।

Advertisement


উপাসনা সরকার

Advertisement
সম্পর্কিত সংবাদ