রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ মামলায় ধৃত লাস্যময়ী ও সহযোগী, প্রেমের ফাঁদ পেতেছিল আইএসআই!
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: স্বামী জেলে। সেই সুযোগে পাতা হয়েছিল প্রেমের ফাঁদ। তাতে জড়িয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতের পুতুল হয়ে উঠেছিল বছর একুশের তরুণী! রাজস্থানের শ্রীগঙ্গানগরে রেললাইনে বিস্ফোরণের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ ও সন্ত্রাসদমন শাখা (এটিএস)। বেছে বেছে লাস্যময়ীদের মগজধোলাই এবং তাদের নাশকতার কাজে লাগানো-পাক হ্যান্ডলারদের নয়া ছক দেখে রীতিমতো উদ্বিগ্ন গোয়েন্দারা।

Advertisement

​ গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টা নাগাদ শ্রীগঙ্গানগরে অনুপগড়-সুরতগড় রেললাইনে তীব্র বিস্ফোরণ ঘটে। এর জেরে রেললাইনে কংক্রিটের স্লিপার ক্ষতিগ্রস্ত হয় এবং ক্লিপগুলি খুলে যায়। ওই লাইনে একটি ট্রেন বেরিয়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের অনুমান, ভোর ৬টা নাগাদ অনুপগড়-ভাতিন্ডা প্যাসেঞ্জার ট্রেনটি উড়িয়ে দেওয়ার ছক ছিল আইএসআইয়ের।
​নাশকতার তদন্তে নেমে রাজস্থান এটিএস, শ্রীগঙ্গানগর ও পাঞ্জাব পুলিশের যৌথ দল পাঞ্জাবের গুরুদাসপুর থেকে মূল অভিযুক্ত মহাকদীপ কৌর (২১) এবং তার সহযোগী দেবেন্দ্র সিংকে (২৩) গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, ৪৬ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি পুলিশি জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মাদক মামলায় স্বামী জেলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল মহাকদীপ। নিঃসঙ্গতায় ভুগছিল সে। সেই সুযোগটি কাজে লাগায় আইএসআইয়ের চররা। ‘শাহ’ এবং ‘চাচা’ ছদ্মনামে দুই পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফৎ তরুণীর যোগাযোগ হয়। এদের মধ্যে একজন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ভালোবাসার টান এবং অর্থের প্রলোভনে পা দিয়েই নাশকতার পথে পা বাড়ায় মহাকদীপ। পুলিশ জানিয়েছে, এর আগেও রেললাইন ওড়ানোর ছক কষেছিল  মহাকদীপ ও দেবেন্দ্র। তাদের পাকিস্তানি যোগ ও নেটওয়ার্ক, বিস্ফোরক ও অর্থের 
উৎস নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা ও পুলিশ।