সংবাদদাতা, বহরমপুর: বড়দিনে বিরিয়ানি কিনতে এসে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর গোকর্ণ বায়েনপাড়ায়। উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে বুধবার রাতেই মৃত্যু হয়। মৃতের নাম কাশীনাথ বায়েন (৫৮)। বাড়ি কান্দি থানার গোলর্ণ বায়েনপাড়ায়। চালক বাইক ফেলে রেখেই পালিয়ে যায়। কান্দি থানার পুলিস জানিয়েছে, বাইকটি আটক করা হয়েছে।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়দিনে নাতি বিরিয়ানি খেতে চাওয়ায় রাজ্য সড়কের পাশের দোকান থেকে বিরিয়ানি কিনতে গিয়েছিলেন। দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সেই সময় বহরমপুরের দিক থেকে আসা একটি বেপরোয়া বাইকের চালক কাশীনাথবাবুকে পিছন থেকে ধাক্কা মারে। বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে নিজেও পড়ে যায়। সঙ্গে সঙ্গে উঠে বাইক ফেলে রেখে ছুটে পালিয়ে যায়। কাশীনাথবাবুকে উদ্ধার করে স্থানীয় গোকর্ণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ১০টা নাগাদ সেখানেই মৃত্যু হয়। মৃতের আত্মীয় মহাদেব বায়েন বলেন, ঘন্টায় ৮০-৯০ কিমি গতিবেগে বাইকটি আসছিল। গতির নিয়ন্ত্রণ না থাকায় চালক ধাক্কা মারে। চালকের শাস্তি হওয়া উচিত।



