সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষ্যে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ ৫৩টি জীবন্ত ট্যাবলো প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ছৌ, রাধাকৃষ্ণের সখী সেজে নৃত্য ব্যাপক নজর কাড়ে। এছাড়াও রামভক্ত হনুমানজী সহ বিভিন্ন ট্যাবলো অংশ নেয়। ওই ভ্রাম্যমাণ গাড়ি গাজোলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। তা দেখার জন্য ভিড় থিক থিক করে। গাজোলের রাস উৎসব কমিটির সদস্য অসিত প্রসাদ বলেন, আমাদের রাস উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম। এখনও প্রদর্শনী চলছে। সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।



