Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে ধান ক্রয়কেন্দ্র পরির্দশনে বিডিও, ধলতা নেওয়ার অভিযোগ

গাজোলে ধান ক্রয়কেন্দ্র পরির্দশনে বিডিও, ধলতা নেওয়ার অভিযোগ
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার মালদহের গাজোলে বলরামপুর এবং লক্ষ্মীপুর ধান ক্রয় কেন্দ্র পরির্দশন করলেন প্রশাসনের কর্তারা। পরিদর্শনে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। এদিন তাঁরা সরকারি ধান বিক্রয় কেন্দ্রগুলিতে একাধিক কৃষক এবং মিল মালিকদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সুষ্ঠুভাবে ধান বিক্রয় হচ্ছে কি না তা তাঁরা খতিয়ে দেখেন। অভিযোগ, এদিন লক্ষ্মীপুর কেন্দ্রে প্রতি কুইন্টালে তিন কেজি করে ধলতা নেওয়া হয়েছে। ভুক্তভোগী কৃষকরা বলেন, আমরা চাই, ধলতা যেন দিতে না হয়। আমরা কেন ধলতা দেব?
Advertisement
গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, এই ব্লকে প্রচুর ধান উৎপাদন হয়। সরকার যে ব্যবস্থা করেছে, সেই ভরসা করে কৃষকরা ধান বিক্রি করতে আসেন। এদিন কেন্দ্রগুলি পরিদর্শন করা হয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি। সুষ্ঠুভাবে ধান বিক্রি হচ্ছে। লক্ষ্মীপুর কেন্দ্র দুই একজন কৃষক ধলতার বিষয়ে বলেছিলেন। আমি সেখানে সামনে থেকে ধান মাপিয়েছি। ধলতা নেওয়ার নিয়ম নেই। ভেজা শুকিয়ে কৃষকরা ধান দেবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, দুটি কেন্দ্র আমরা পরির্দশন করেছি। সিংহভাগ কৃষকরা খুশি। কৃষকদের একাংশ ধলতা নেওয়ার অভিযোগ করেছেন। আমরা সহ উপস্থিত প্রশাসনের কর্তারা তদন্ত করে দেখেছি।
সম্পর্কিত সংবাদ