Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে অন্নদাশঙ্কর সদন সংস্কার শীঘ্রই

গাজোলে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে অন্নদাশঙ্কর সদন সংস্কার শীঘ্রই
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহ জেলার গাজোল ব্লক চত্বরের পিছনে অন্নদাশঙ্কর সদন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতা থেকে ইঞ্জিনিয়ার এসে ওই সদন পরিদর্শন করে গিয়েছেন। টেন্ডার প্রক্রিয়া করে আগামীদিনে কাজ শুরু হবে। গাজোল পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, সমিতির নিজস্ব এবং আদিবাসী উন্নয়ন ফান্ড থেকে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে অন্নদাশঙ্কর সদনের পরিকাঠামো আমূল পরিবর্তন করা হবে। আধুনিক রূপ দিয়ে সেটি সাজিয়ে তোলা হবে। সেজন্য ঘরটির দরজা, জানালা, বসার চেয়ার সব বদলে ফেলা হবে। সেখানে ৩০০টি আরামদায়ক চেয়ার রাখা হবে। মঞ্চে বিভিন্ন ধরনের লাইটও থাকবে। মোট ৮ টি এসি বসানো হবে। 
Advertisement
কিছুদিন আগে অন্নদাশঙ্কর সদনে ছটপুজোর মিটিং হয়। সেখানে অংশ নিতে গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার গিয়েছিলেন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, অন্নদাশঙ্কর সদনে বেশ কিছু চেয়ার ভাঙা, মঞ্চ সহ গোটা ভবনটির নতুন করে সংস্কার করা দরকার। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দ্রুত পঞ্চায়েত সমিতিকে কাজটা করা উচিত। 
গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজ্জামেল হোসেন বলেন, পুজো সহ বেশ কিছু কারণে কাজে গতি ছিল না। উৎসব শেষ। এবার কাজ দ্রুত শুরু হবে। খুব দ্রুত ৬৫ লক্ষ টাকা ব্যয়ে অন্নদাশঙ্কর সদন সংস্কার হবে। ভোল পাল্টে ভবনের আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, টেন্ডার এখনও হয়নি। টেন্ডার করে কাজ হবে। 
সম্পর্কিত সংবাদ