নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গাঁজা পাচারে ধৃতের তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের সেনপাড়া বাঁধের বাজার এলাকা থেকে মদন বর্মন নামে একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিস। তার কাছ থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়। শনিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হলে তিনদিনের পুলিসের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিস সূত্রে খবর, ধৃতের বাড়ি কোচবিহারের শীতলকুচিতে। পুলিসের কাছে ধরা পড়ার পর জেরায় ধৃত ব্যক্তি জানায়, সে ওই গাঁজা মালদহে নিয়ে যাচ্ছিল। এদিন অবশ্য আদালত চত্বরে দাঁড়িয়ে ধৃতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামী কৃষিকাজ করেন। কাজ আছে বলে শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। রাতে তিনি জানতে পারেন, পুলিসের হাতে ধরা পড়েছেন স্বামী। তার কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে। কিন্তু এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পুলিস জানিয়েছে, ময়নাগুড়ি রোড এলাকা থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে যাওয়ার জন্য একটি টোটো ধরে মদন। তার সঙ্গে আরও একজন ওই টোটোয় ওঠে। কোচবিহারের জামালদহে বাড়ি তার। ধৃতের সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
ইতিমধ্যে টোটোচালককে থানায় ডেকে পুলিস জিজ্ঞাসাবাদ করেছে। টোটোচালক জানিয়েছেন, দু’জন একইসঙ্গে তাঁর টোটোয় উঠেছিলেন। ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসার জন্য তাঁরা ৫০ টাকা করে ভাড়া দিতে চেয়েছিলেন। ওই টোটোতে অবশ্য এক যাত্রী ছিলেন। তাঁর সঙ্গে ঘটনার কোনও যোগ নেই বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিস।



