সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-২ ব্লকের ভাটিবাড়ি ও পারোকাটা গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের একাংশ বাড়িতে গাঁজা চাষ হচ্ছে। খবর পেয়ে সোমবার পুলিস ভাটিবাড়ি পঞ্চায়েতের পশ্চিম খলিসামারী ও পারোকাটা গ্রামে হানা দেয়। দু’টি গ্রামের ৪০টি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস প্রায় আট লক্ষ টাকার গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেয়। কয়েক দিন আগে পুলিস ভাটিবাড়ি পঞ্চায়েতের দক্ষিণ কুমারীজান গ্রামেও ৩৫টি বাড়িতে হানা দিয়ে গাঁজার গাছ কেটে দেয়। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি দীপায়ন সরকার বলেন, গাঁজার চাষ না করার জন্য গ্রামবাসীদের বারবার সতর্ক করা হয়েছে। এর পরেও কেউ কেউ গাঁজা চাষ করছে। এর বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে।



