মাছের কচুরি
মাছের কচুরি
উপকরণ: মাছের ফিলে ৩-৪টি সেদ্ধ করে চটকানো, কাঁচালংকা কুচি ২টি, নুন, হলুদ প্রয়োজন মতো, ধনে গুঁড়ো ১ চামচ, লংকা গুঁড়ো চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, সাদা তেল প্রয়োজন মতো, ময়দা ২৫০ গ্রাম, রশুন কুচি ১ চামচ।
প্রণালী: ময়দাটা নরম করে মেখে রাখুন ১৫ মিনিট। এবার প্যানে সাদা তেল গরম করে রশুন কুচি দিয়ে নাড়ুন। এবার সেদ্ধ করে চটকানো মাছ, কাঁচালংকা কুচি দিন। একে একে নুন, হলুদ, ধনেগুঁড়ো জিরে গুঁড়ো, লংকা গুঁড়ো দিয়ে নেড়ে তৈরি করুন মাছের পুর। এবার মাখা ময়দা থেকে লেচি কেটে ভিতরে পুর ভরে বেলে ভেজে নিলেই তৈরি মাছের কচুরি। আলুর দম বা ধনিয়া চাটনির সঙ্গে পরিবেশন করুন।
ধনিয়া চাটনি
উপকরণ: ধনেপাতা কুচি ২ কাপ, রশুন ১০ কোয়া, নুন স্বাদ মতো, লেবুর রস ১ চামচ, চিনি চামচ, কাঁচালংকা ২/৩টি।
প্রণালী: প্রথমে মিক্সির জারে ধনেপাতা কুচি, রশুন, নুন, চিনি, লেবুর রস, কাঁচালংকা একসঙ্গে বেটে নিন। তৈরি ধনেপাতার চাটনি।
রেশমি পরোটা
উপকরণ: ময়দা বা আটা ২ কাপ, সেদ্ধ আলু ২টো, ধনেপাতা কুচি ১ কাপ, নুন প্রয়োজনমতো, চিলি ফ্লেক্স ১ চামচ, গোটা জিরে ১ চামচ, সাদা তেল প্রয়োজনমতো।
প্রণালী: প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিন। এবার একটি পাত্রে সেদ্ধ করা গ্রেট আলু, ময়দা, ধনেপাতা কুচি, নুন, চিলি ফ্লেক্স, গোটা জিরে দিয়ে ভালো করে মেখে একটি নরম মণ্ড তৈরি করুন। জল যদি প্রয়োজন হয় মাখার সময় তবে খুব অল্প দেবেন। এটির উপরে অল্প তেল ব্রাশ করে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এবার লেচি কেটে বেলে চাটুতে অল্প ঘি/তেল দিয়ে পরোটা ভেজে নিন। আলুর দমের সঙ্গে পরিবেশন করুন।
আলুর দম
উপকরণ: ছোটো আলু ২৫০ গ্রাম, নুন হলুদ প্রয়োজনমতো, টম্যাটো বাটা ১ কাপ, আদা বাটা ২ চামচ, জিরে বাটা ২ চামচ, ধনেবাটা ২ চামচ, সাদা তেল, ধনেপাতা কুচি অল্প, লাল লংকা।
প্রণালী: প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে কড়াতে ভেজে নিন। এবার টম্যাটো বাটা, নুন, হলুদ, জিরেবাটা, ধনেবাটা আদা বাটা, লাল লংকাবাটা দিয়ে ভালো করে কষে নিন। অল্প গরম জল দিয়ে ঢাকা দিন। ভালো করে সেদ্ধ হলে গা মাখা মাখা হলে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন আলুর দম।
ওটস প্যানকেক
ওটস স্বাস্থ্যকর। প্রচুর ফাইবার থাকায় শরীরের পক্ষে উপকারী। চায়ের সঙ্গে টিফিন হিসেবেও ভালো জমে। পেট ভরে।
উপকরণ: ওটস ১ কাপ, কলা ১টা, ডিম ১টা, মাখন প্রয়োজনমতো। মধু পরিবেশনের জন্য।
প্রণালী: প্রথমে মিক্সির জারে ওটস, কলা, ডিম দিয়ে স্মুদ ব্যাটার তৈরি করুন। ননস্টিক প্যানে মাখন গরম করে এক হাতা ব্যাটার ঢেলে দিন। দু’পিঠ সেঁকে নিন। তৈরি প্যান কেক। মধু দিয়ে পরিবেশন করুন।
চিকেন বান
বাড়িতে চিকেন কিমা থাকলেই এই রেসিপি খুব চটজলদি বানিয়ে ফেলা যায়।
উপকরণ: চিকেন কিমা ১৫০ গ্রাম, নুন হলুদ প্রয়োজন মতো, পেঁয়াজ কুচি ১ কাপ, রশুনকুচি ২ চামচ, আদাকুচি ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, সাদা তেল প্রয়োজনমতো। বানের জন্য ময়দা ১৫০ গ্রাম, ইস্ট ১ চামচ, ঈষদুষ্ণ জল প্রয়োজন মতো, চিনি ২ চামচ, নুন চামচ।
প্রণালী: প্রথমে ময়দা, ইস্ট, নুন, চিনি ও ঈষদুষ্ণ জল দিয়ে মেখে মণ্ড তৈরি করে ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। অন্যদিকে প্যানে তেল গরম করে কিমাতে নুন, হলুদ, পেঁয়াজ কুচি, রশুন-আদা কুচি দিয়ে নেড়ে নিন। এরপর এতে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মিশিয়ে পুর তৈরি করুন। এবার মাখা ময়দা থেকে লেচি কেটে ভিতরে পুর ভরে বানের আকারে গড়ে ঢাকা দিয়ে রাখুন আরও ৩০ মিনিট। এতে বান ফুলে উঠবে। এবার ডিম ব্রাশ করে ওটিজি-তে ১৮০ ডিগ্রি প্রি-হিটেড আভেনে বেক করুন ২০ মিনিট। তৈরি চিকেন বান।
সুমিতা শূর