সংবাদদাতা, কল্যাণী: পছন্দের জামা কিনে দেয়নি মা। সেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ২৬ বছরের কন্যা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাকদহ থানার চাদুরিয়া এক নম্বর পঞ্চায়েতের মলিচাগড়ে। মৃতের নাম চন্দনা সরকার। চাকদহ কলেজ থেকে এম এ পাশ করেছেন। জানা গিয়েছে, মায়ের সঙ্গে হাটে গিয়েছিলেন চন্দনাদেবী। একটি জামা পছন্দ করেন। কিনতে চান। কিন্তু মায়ের কাছে টাকা ছিল না। পরে কিনে দেবেন বলে জানান। এতে রাগ হয় মেয়ের। বাড়ি ফিরে আলমারি থেকে বের করে নিজের সমস্ত জামায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। শুক্রবার বিকেলে মা গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি। একা ছিলেন চন্দনা। তখনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। রাতে মা বাড়ি ফিরে ঝুলন্ত দেহ দেখতে পান। দেহ উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলে জানান। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠায় চাকদহ থানা। কৈলাস বিশ্বাস নামে এক প্রতিবেশী বলেন, ‘মেয়েটির একটু জেদ ছিল। মাকে বলেছিল জেঠুর বাড়ি সমস্যা হয়েছে তুমি যাও। ওর মা সেখানে যান। তারপরই গলায় দড়ি দেয় চন্দনা।’



