গুয়াহাটি: ঘাড়ের ব্যথায় কাবু শুভমান গিল। একদিন কলকাতার বেসরকারি হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। বুধবার দলের সঙ্গে গুয়াহাটি পৌঁছেছেন। তবুও দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বৃহস্পতিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার অনুশীলনে গরহাজির ছিলেন গিল। তাই তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে ক্রিকেটমহল।
সিরিজে আপাতত দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে। বাভুমারা চনমনে। তাঁরাও বৃহস্পতিবার গা ঘামালেন। তবে টিম ইন্ডিয়ার উপর চাপ অনেক বেশি। হারলে হোয়াইটওয়াশের লজ্জা। ড্র করলে সিরিজ জিতবে প্রোটিয়া বাহিনী। তাই জেতাই একমাত্র পথ। সেক্ষেত্রে আনফিট ক্রিকেটারকে মাঠে নামানো বেশ ঝুঁকির। শুক্রবার গিলের ফিটনেস টেস্ট হওয়ার কথা। এখনও তিনি সাবলীলভাবে ঘাড় ঘোরাতে পারছেন না। এই পরিস্থিতিতে জোর করে নাঠে নামানো হিতে বিপরীত হতে পারে। শেষ পর্যন্ত গিলকে হয়তো বাড়ি পাঠিয়েও দিতে পারে বিসিসিআই। যাতে তিনি পুরো ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারেন।
পরিস্থিতির নিরিখে ভারতের প্রথম একাদশে পরিবর্তন প্রত্যাশিত। গিলের বিকল্প হিসেবে সাই সুদর্শনকে ভাবা হচ্ছে। তৈরি নীতীশ রেড্ডিও। ম্যাচের আগে পিচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত। বর্ষাপাড়ার পিচ লাল মাটি দিয়ে তৈরি। শুরুতে পেস ও বাউন্স ভালোই থাকবে। সুবিধা পাবেন জোরে বোলাররা। পরের দিকে যাতে বল টার্ন করে, সেই চেষ্টাই চালাচ্ছেন কিউরেটর ও মাঠকর্মীরা। ভারতীয় শিবিরে পিচ আতঙ্ক কীভাবে জাঁকিয়ে বসেছে, সেটা দেখা গেল বৃহস্পতিবার। প্র্যাকটিসের আগে হুমড়ি খেয়ে হাত বুলিয়ে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করছিলেন ঋষভ পন্থ। উল্লেখ্য, গিল না খেললে তাঁকেই নেতৃত্ব দিতে হবে।
চার স্পিনার খেলানোর সিদ্ধান্তে টিম ইন্ডিয়া অটল থাকে কিনা, সেটাও দেখার। তবে প্র্যাকটিসের নির্যাস, অক্ষর প্যাটেলকে বসানো হতে পারে। আসলে ম্যাচের দু’দিন আগেও উইকেটে হাল্কা ঘাস রয়েছে। শেষ পর্যন্ত ঘাস কতটা ছাঁটা হবে, তার উপরই নির্ভর করবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ।
এদিকে, দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় টস্টের প্রস্তুতিতে নেমে পড়ল। ভারতের মাটিতে সিরিজ জয়ের সুযোগ হেলায় হারাতে চান না বাভুমারা। তবে টিম কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা রাখলেন ব্যাটিং কোচ পিয়েট বোথা। তিনি বলেন, ‘পাঁজরে চোট লাগায় গত ম্যাচে কাগিসো রাবাডা খেলেনি। এই ম্যাচে ওকে খেলানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
পিচ প্রসঙ্গে বোথার মন্তব্য, ‘এক পলক দেখে মনে হয়েছে, শুরুতে ব্যাটাররা সুবিধা পাবে। তবে ঘাস থাকা না থাকার উপর অনেক কিছু নির্ভর করবে। সেই কারণে ম্যাচের আগে পিচ দেখে কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছি আমরা।’