নয়াদিল্লি: রোহিত শর্মার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে। যা আভাস মিলছে, তাতে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে গিলের অধিনায়ক হওয়া কার্যত নিশ্চিত। কারণ, যশপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকছেই। চোটের জন্য বছরের গোড়ায় সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। তাই অস্ট্রেলিয়া সফরে ক্যাপ্টেন হিসেবে ‘বুমবুম’ যত নজরই কাড়ুন না কেন, তাঁকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা যাচ্ছে না। তাছাড়া বুমরাহর উপর চাপ না বাড়ানোর কথাও বিবেচনায় রাখতে হচ্ছে। শোনা যাচ্ছে, তিনি নিজেও নাকি আগ্রহী নন।
টেস্টে নেতা হিসেবে আরও দু’জনের নাম শোনা যাচ্ছিল— ঋষভ পন্থ ও লোকেশ রাহুল। কিন্তু পন্থ একেবারেই ফর্মে নেই। লোকেশও ধারাবাহিক নন। তাই গিলের উপরই ভরসা রাখতে চাইছে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকরা। আর সেই ঘোষণা খুব সম্ভবত ২৩ মে বা ২৪ মে মুম্বইয়ে করা হবে। একইদিনে ঘোষিত হবে ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াড। গিল অবশ্য এখনও টেস্ট বা ওয়ান ডে’তে ভারতকে নেতৃত্ব দেননি। তবে পাঁচটি টি-২০ ম্যাচে তিনি ছিলেন অধিনায়ক। গত কয়েক মাস ধরে গিলকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছিল। সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটেই তিনি ভারতের সহ-অধিনায়ক। চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের নেতা হিসেবে যথেষ্ট পরিণতও লাগছে ২৩ বছর বয়সিকে।