নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেন অভিযান সুখের হয়নি শুভমান গিলের। প্রথম ইনিংসে মাত্র তিনটি বল মোকাবিলা করার পরেই ঘাড়ের সমস্যায় মাঠ ছেড়েছিলেন ভারত অধিনায়ক। পরে ভর্তিও হন হাসপাতালে। বেডে শুয়েই দেখেছেন তাঁর দলের শোচনীয় হার। সেই হতাশার মধ্যেই ভারতীয় শিবিরকে কিছুটা স্বস্তি দিল তাঁর ফিটনেসের উন্নতি। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল। সেখান থেকে সোজা টিম হোটেলেই ফেরেন। সূত্রের খবর, তিনি এখন অনেকটা সুস্থ। তবে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক খেলতে পারবেন কিনা, তা স্পষ্ট নয়। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ‘ও কেমন অবস্থায় রয়েছে, তা যাচাই করা হবে। সেই মতো ফিজিওরা যে পরামর্শ দেবেন, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’



