নয়াদিল্লি: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। ১২টি জেলায় ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষেরও বেশি মানুষ। বাড়ি-ঘর হারিয়েছেন অনেকে। নষ্ট হয়েছে ফসল। অনেকের মৃত্যুর খবরও আসছে। পাঞ্জাবের দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভমান গিল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমার পাঞ্জাবকে বন্যায় এমন দুর্দশাগ্রস্ত দেখা হৃদয়বিদারক। তবে যে কোনও প্রতিকূল পরিস্থিতি থেকেই ঘুরে দাঁড়াবে রাজ্য। আমরা অবশ্যই উঠে আসব। ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য রইল আমার প্রার্থনা। এই বিপর্যয়ের মোকাবিলা করতে হবে শক্ত হাতে।’ গিল যেখান থেকে উঠে এসেছেন সেই ফাজিলকা জেলাও বন্যাকবলিত।
পাঞ্জাবের আর এক ভূমিপুত্র হরভজন সিংও ব্যথিত। ভাজ্জি বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত অঞ্চলে আমি গিয়েছিলাম। পাঞ্জাবের সবার কাছেই এটা কঠিন সময়। আমরা একে অন্যের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। উদ্ধারকার্যে নামা সংস্থাগুলিকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অনুরোধ করেছি সাহায্যের জন্য। পাঞ্জাব সবসময় অন্যদের বিপদে পাশে থেকেছে। এবার বাকিরাও পাশে থাকুন পাঞ্জাবের।’
এদিকে, আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জানিয়েছে ক্রিকেটমহল। চেন্নাই সুপার কিংস পোস্ট করেছে, ‘আফগান ভাই-বোনদের জন্য আমরা ব্যথিত। এই অভিশপ্ত সময়ে লড়াইয়ের শক্তি ও আশা হারিও না তোমরা।’ রবিবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের আগে এক মিনিট নীরবতাও পালন করেন ক্রিকেটাররা। আফগান ক্রিকেটাররা তাঁদের ম্যাচ ফি দান করেছেন ত্রাণকার্যে।